মাইক্রোসফট: আউটলুক লাইট বন্ধে নির্দেশনা

তথ্যপ্রযুক্তি ডেস্ক: হালকা সংস্করণের ইমেইল অ্যাপ আউটলুক লাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। আগামী ২৬ মে থেকে অ্যাপটি আর কাজ করবে না। ফলে ব্যবহারকারীদের মূল আউটলুক অ্যাপে স্থানান্তরিত হতে বলা হয়েছে। ২০২২ সালে চালু হওয়া এ অ্যাপ মূলত কম স্টোরেজ ও ধীরগতির ইন্টারনেট সংযোগের জন্য তৈরি করা হয়েছিল। উন্নয়নশীল দেশগুলো ও যে সব অঞ্চলে ইন্টারনেট অবকাঠামো তুলনামূলক দুর্বল সেখানে ব্যবহারকারীদের জন্য এটি একটি সহজ সমাধান ছিল। অ্যাপটি বন্ধ করার প্রক্রিয়া নতুন নয়। গত বছর মাইক্রোসফট ঘোষণা দিয়েছিল ২০২৫ সালের অক্টোবর থেকে এটি গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হবে। সে ধারাবাহিকতায় এবার বিদ্যমান ব্যবহারকারীদের জন্য অ্যাপটি বন্ধ করে দেওয়া হচ্ছে।

            মাইক্রোসফট জানিয়েছে, আউটলুক লাইট ব্যবহারকারীরা চাইলে তাদের ইমেইল, ক্যালেন্ডার এবং সংযুক্ত ফাইল (অ্যাটাচমেন্ট) হারাবেন না। তারা একই অ্যাকাউন্ট দিয়ে মূল অ্যাপ আউটলুক মোবাইলে লগইন করলে আগের সব তথ্য ব্যবহার করতে পারবে। নিরাপদ ও আরও সমৃদ্ধ ফিচার পেতে মূল আউটলুক অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে গুগল প্লে স্টো এ নিয়ে গিয়ে নতুন অ্যাপটি ডাউনলোডের নির্দেশনা দেওয়া হবে।

            প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আলাদা করে হালকা সংস্করণের অ্যাপ চালু রাখার বদলে এখন কোম্পানিগুলো একক অ্যাপে সব ধরনের ব্যবহারকারীর জন্য সুবিধা যুক্ত করার দিকে ঝুঁকছে। এতে রক্ষণাবেক্ষণ সহজ হয় এবং নিরাপত্তা আপডেট দ্রুত দেওয়া যায়। এর ফলে যেসব ব্যবহারকারী কম স্টোরেজ বা ধীরগতির ইন্টারনেটের কারণে আউটলুক লাইট ব্যবহার করতেন তাদের এখন তুলনামূলক ভারী অ্যাপে অভ্যস্ত হতে হতে পারে। এ সিদ্ধান্ত মাইক্রোসফটের অ্যাপ কৌশলে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ভবিষ্যতে একীভূত প্ল্যাটফর্মে আরও উন্নত ফিচার দেওয়ার দিকে জোর দেবে প্রতিষ্ঠানটি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *