
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশের স্মার্ট ডিজিটাল কানেক্টিভিটি খাতে Free Y-Fi নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। আধুনিক ওয়াইফাই ও স্মার্ট কানেক্টিভিটি প্ল্যাটফর্মটি নিজস্ব প্রযুক্তি ও অবকাঠামোর মাধ্যমে সাধারণ মানুষের জন্য ইন্টারনেট সুবিধা আরও সহজ ও সহজলভ্য করে তুলছে। বর্তমানে Free Y-Fi ঢাকা ও সারা দেশের প্রায় ১০০ টি পাবলিক প্লেসে ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছে। কর্পোরেট অফিস, শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠান, ইভেন্ট ভেন্যু ও বিভিন্ন পাবলিক স্পেসে এ সেবা ব্যবহার করে ইন্টারনেট সুবিধা পাচ্ছে হাজারো মানুষ।
সিইও আবদুল ওয়াদুদ বলেন, ডিজিটাল যুগে ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়। এটি শিক্ষা, ব্যবসা ও দৈনন্দিন যোগাযোগের একটি অপরিহার্য মাধ্যম। এ বাস্তবতাকে সামনে রেখে আমরা মানুষের জন্য সহজ, নিরাপদ ও স্মার্ট ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে কাজ করছি। তিনি আরও বলেন, বর্তমানে নিজস্ব সেটআপের মাধ্যমে ঢাকা ও সারা দেশে প্রায় ১০০ টি মতো পাবলিক প্লেসে আমরা ফ্রি ওয়াইফাই সেবা দিচ্ছি। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আরও বড়। এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছি, যেখানে মানুষ তাদের নিজস্ব রাউটার Free Y-Fi প্ল্যাটফর্মে যুক্ত করতে পারবে এবং বিজ্ঞাপনের মাধ্যমে আয় করতে পারবে। আমাদের লক্ষ্য শুধু ইন্টারনেট দেওয়া নয়, বরং মানুষের জন্য ডিজিটাল সুযোগ তৈরি করে দেওয়া।
এ প্ল্যাটফর্মের মাধ্যমে ব্র্যান্ড ও প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের সঙ্গে আরও সহজে ও কার্যকরভাবে যুক্ত হতে পারছে। ডিজিটাল বিজ্ঞাপন ও স্মার্ট ডেটার সমন্বয়ে Free Y-Fi একটি নতুন ধরনের ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করছে। যেখানে ব্যবহারকারী, ব্যবসা ও প্রযুক্তি একসঙ্গে যুক্ত হচ্ছে। ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে স্মার্ট কানেক্টিভিটি সম্প্রসারণ করে Free Y-Fi ১০ হাজার লোকেশনে পৌঁছানোর লক্ষ্য নিয়েছে। প্রতিষ্ঠানটির বিশ্বাস, এ উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশের দ্রুত ডিজিটাল রূপান্তরের সঙ্গে তাল মিলিয়ে Free Y-Fi নিজেকে একটি ভবিষ্যৎমুখী প্রযুক্তি প্ল্যাটফর্ম গড়ে তুলতে কাজ করছে। সহজ প্রযুক্তি, বাস্তবসম্মত ধারণা ও মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠনে অবদান রাখতে চায় প্রতিষ্ঠানটি।

