জাতীয় ই-হেলথ কার্ড: চালু করার আশাবাদ জুনের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ডেস্ক: দেশের স্বাস্থ্য সেবাকে আরো শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে জাতীয় ই-হেলথ কার্ড আগামী জুনের মধ্যে চালু করার আশাবাদ ব্যক্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১১ মার্চ) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত জাতীয় ই-হেলথ আইডি বাস্তবায়নের প্রস্তুতি পর্যালোচনা বিষয়ক দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

            স্বাস্থ্য মন্ত্রী সরদার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সেবা জোরদারে অগ্রাধিকার প্রাপ্ত উদ্যোগ এ কার্ড বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে আইসিটি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। জাতীয় ই-হেলথ কার্ড চালু হলে দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা উপকৃত হবে। একজন রোগী গ্রাম থেকে শহর যেখানে চিকিৎসা নিন না কেন, চিকিৎসক এ কার্ডের মাধ্যমে তার স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য পেয়ে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদানে আরো কার্যকর সহায়তা করতে পারবে। তিনি বলেন, জাতীয় ই-হেলথ আইডি স্বাস্থ্য খাতে একটি মৌলিক পরিচয় কাঠামো হিসেবে কাজ করবে। এর ফলে বিভিন্ন স্বাস্থ্য সেবা ব্যবস্থায় একজন ব্যক্তিকে নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হবে এবং হাসপাতাল, ক্লিনিক ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে চিকিৎসা সংক্রান্ত তথ্য নিরাপদ বিনিময়ের সুযোগ তৈরি হবে। সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন

             বিএনপি সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, ফ্যামিলি কার্ড, জাতীয় ই-হেলথ কার্ড ও কৃষক কার্ড। ফ্যামিলি কার্ড এর মধ্যে চালু হয়েছে। বাকি দুই উদ্যোগের কাজ এগিয়ে চলছে। জুনের শেষ নাগাদ ই-হেলথ কার্ড চালু করা সম্ভব হবে। কর্মশালার শেষ দিনে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের নীতি নির্ধারণী অধিবেশনে হেলথ আইডি, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর) এবং শেয়ারেবল হেলথ রেকর্ড (এসএইচআর) বাস্তবায়নের প্রযুক্তিগত সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

            স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এটুআই এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আব্দুর রফিক, চিফ টেকনোলজি অ্যাডভাইজার মোহাম্মদ মাসুদুর রহমান, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মাহা আবু এমায়ের এবং এডিবির সিনিয়র হেলথ স্পেশালিস্ট রুই লিও ও সরকারের জ্যেষ্ঠ নীতিনির্ধারক, স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *