পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন: বিজেপি বড় জয়ের পথে এগিয়ে ১৯২ আসন

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৩ টি আসনের মধ্যে ১৯২ টিতে এগিয়ে আছে বিজেপি। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল এগিয়ে আছে ৯৫ টি আসন। এছাড়া একটি আসনে এগিয়ে আছে বামপন্থি সিপিএম এবং ৫ টি আসনে অন্যান্য প্রার্থীরা। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪ টি। গত ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট গ্রহণ। সোমবার সবগুলো আসনের ফল প্রকাশের নির্ধারিত দিন ছিল। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে সমগ্র বিধানসভার ভোট বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। এ কেন্দ্রে ফের ভোট হবে ২১ মে, গণনা হবে ২৪ মে। সোমবার ফলতা বাদে বাকি ২৯৩ টি আসনের ভোটগণনা চলছে। সোমবার ভারতের স্থানীয় সময় সকাল ৮ টা (বাংলাদেশ সময় সাড়ে ৮ টা) থেকে শুরু হয়েছে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএম এর কাউন্টিং শুরু হয়েছে। গণনায় দিনের শুরুতে তেমন পার্থক্য না থাকলে সময় গড়ানোর সঙ্গে বাড়তে থাকে বিজেপি তৃণমূল কংগ্রেসের ব্যবধান এবং বর্তমানে তৃণমূলের থেকে প্রায় ১০০ আসনে এগিয়ে আছে বিজেপি। আজকের ফলাফল থেকে নির্ধারিত হবে যে আগামী ৫ বছর পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির মূল নিয়ন্ত্রণ থাকবে কাদের কাছে।

            ভোট গণনা সুষ্ঠুভাবে পরিচালনা করতে নির্বাচন কমিশন পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। তিন স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গণনা কেন্দ্র। গণনা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টদের (গণনাকারী প্রতিনিধি) ঢোকার অনুমতি প্রদান করা হয়েছে এবং অনুমোদন প্রাপ্ত এ এজেন্টদের কিউআর কোড সংবলিত পরিচয়পত্র দেওয়া হয়েছে। কোনো ‘কাউন্টিং এজেন্ট’ গণনা কেন্দ্রে মুঠোফোন নিয়ে ঢুকতে পারবেন না। কেবল নির্বাচনী কর্মকর্তাদের মুঠোফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ভোট গণনায় বিশেষ নজরে আছে ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর ফলাফলের ওপর। এ ছাড়া তৃণমূলের তারকা প্রার্থীদের মধ্যে কলকাতা বন্দর আসনে ফিরহাদ হাকিম, রাসবিহারী আসনে দেবাশীষ কুমার, চৌরঙ্গীতে নয়না বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটায় কুণাল ঘোষ, শ্যামপুকুরে শশী পাঁজা, উত্তর চব্বিশ পরগনার বাগদা আসনে মধুপর্ণা ঠাকুরের ফলাফল নজরে রয়েছে, বিজেপির অন্য প্রার্থীদের মধ্যে শিবপুরে রুদ্রনীল ঘোষ, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল, নোয়াপাড়ায় অর্জুন সিং, রাজারহাট-গোপালপুরে তরুণজ্যোতি তিওয়ারি, পানিহাটিতে আর জি কর হাসপাতালে খুন হওয়া ছাত্রীর মা রত্না দেবনাথের ফলাফলে আগ্রহ রয়েছে সাধারণ ভোটারদের। এ ছাড়া বাম ও অন্যান্য দলের মধ্যে পরিচিত ‘তারকা’ প্রার্থীরা হলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায় ও সায়নদীপ মিত্র। কংগ্রেসের প্রার্থীদের মধ্যে অধীর চৌধুরী, মৌসুম বেনজীর নূর, শুভংকর সরকার, মনোজ চক্রবর্তী, শাহনাজ বেগম ও আবদুর রাজ্জাক মোল্লা এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) নওশাদ সিদ্দিকী।

সূত্র: আনন্দবাজার

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *