
তথ্যপ্রযুক্তি ডেস্ক: দেশের রাজধানীর ঢাকায় গুলশানে সাংবাদিকদের জন্য অনুষ্ঠিত হলো সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার বিষয়ক বিশেষ কর্মশালা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে বিন কার্যালয়ে আয়োজিত এ কর্মশালা আয়োজন করা হয়েছে। এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান। এতে টিএমজিবির সদস্যরা অংশ নেন। টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) ও বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন) এর যৌথ উদ্যোগে এআই ইন জার্নালিজম শিরোনামে আয়োজিত হয় এ কর্মশালার। তারা সংবাদ সম্পাদনা, কনটেন্ট তৈরি ও মাল্টিমিডিয়া ব্যবহারে এআই প্রযুক্তির সর্বশেষ কৌশল হাতে কলমে প্রশিক্ষণ নিয়েছে।
কর্মশালায় স্বাগত বক্তব্যে টিএমজিবির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। আমরা এমন আয়োজন থেকে অনেক কিছু শিখতে পারি এবং উপভোগ করতে পারি। বিনকে এজন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
বাংলাদেশ আইসিটি ও ইনোভেশন নেটওয়ার্ক (বিন) ট্রাস্টের চেয়ারম্যান ও বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর কর্মশালার আয়োজন প্রসঙ্গে বলেন, বর্তমান সময় তথ্যপ্রযুক্তির সময়। কেবল একাডেমিক সনদ অর্জন করলে একজন দক্ষ হয়ে ওঠা যায় না প্রযুক্তি ভিত্তিক দক্ষতা অর্জন এখন মূল চাবিকাঠি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, খুব শিগগির আয়োজন করা হবে বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫। এ আয়োজনে সারাদেশের সেরা উদ্ভাবনগুলো অংশ নেবে। এ অ্যাওয়ার্ডসের মাধ্যমে দেশীয় উদ্ভাবন, প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান ও সৃজনশীল উদ্যোগগুলোকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করা হবে। বিজয়ীরা শুধু জাতীয় পর্যায়ের সম্মান অর্জন করবে না, বরং আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য মনোনীত হবে। এর মাধ্যমে তারা বাংলাদেশকে বৈশ্বিক প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনবে।
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার প্রতিদিন বাড়ছে। সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, কনটেন্ট তৈরি ও তথ্যপ্রবাহের গতি বাড়াতে এআই প্রযুক্তি বিশ্বব্যাপী সংবাদ মাধ্যমগুলোকে নতুন মাত্রা দিচ্ছে। বাংলাদেশে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এমন প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এটি আশা করা হচ্ছে।

