
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থিত পাকিস্তান দূতাবাসে থাকা পাকিস্তানি সামরিক, প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের অবাঞ্চিত ঘোষণা করেছে নয়াদিল্লি। বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারমধ্যে রয়েছে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি বাতিল, পাকিস্তানিদের জন্য ভারতের সার্কের বিশেষ ভিসা সুবিধা বাতিল। এরসঙ্গে দেশটির সামরিক উপদেষ্টাদেরও ভারতে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। তাদের এক সপ্তাহের মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলার একদিন পর প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তান। তারা বলেছে, এ হামলার সঙ্গে পাকিস্তান জড়িত নয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, এর সঙ্গে পাকিস্তানের কোনো সংযোগ নেই। ভারতের কথিত রাজ্যগুলোতে নাগাল্যান্ড থেকে কাশ্মির, ছত্রিশগড়ে, মণিপুরে এবং দক্ষিণে বিদ্রোহ চলছে। এগুলো বিদেশি কোনো দেশের হস্তক্ষেপ নয়, স্থানীয় বিদ্রোহ।
গতকাল মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হয়। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে এ সিদ্ধান্তগুলো নিয়েছে ভারত।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আলজাজিরা

