‎লোহাগাড়ায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের কমিটি অনুমোদন

 

পুষ্পেন চৌধুরী, লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা যুবলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে চার সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ। গত ২৯ জুলাই স্বাক্ষরিত চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী  ও সাধারন সম্পাদক জহিরুল ইসলাম স্বপন এ কমিটির অনুমোদন দেন। কমিটি অনুমোদনের বিজ্ঞপ্তিটি আজ ৩১ জুলাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের ফেসবুকে দেখা যায়। এতে আহ্বায়ক করা হয় পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবেক ছাত্রলীগ নেতা  জহির উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আবছার উদ্দিন, মো. জয়নাল আবেদীন ও মো. নুরুন্নবী।

           এ ব্যাপারে অনুমোদিত উপজেলা  যুবলীগের আহ্বায়ক জহির উদ্দিন কমিটি গঠনের কথা স্বীকার করে বলেন, বিগত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর  আমাদের অনেক নেতা-কর্মীদের বিনা অপরাধে কারাগারে আটক রাখা হয়েছে। আগামীতে ত্যাগী ও নির্যাতিত নেতাদের অন্তর্ভুক্ত করে আমরা সুন্দর একটি উপজেলা যুবলীগের কমিটি গঠন করবো। তবে এ ব্যাপারে দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি বা সাধারন সম্পাদকের মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।

         বর্তমান কেন্দ্রীয় আওয়ামীগের উপকমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো. আনোয়ার হোছাইন বলেন, এ কমিটি গঠনের মাধ্যমে লোহাগাড়া উপজেলা যুবলীগকে আরো শক্তিশালী করা হয়েছে।

             এদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে স্থানীয় উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন।

           এ ব্যাপারে লোহাগাড়া থানার ওসি (তদন্ত) প্রশান্ত ভৌমিক জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। যেহেতু এ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ আছে সেজন্য বিষয়টি গোয়েন্দা দপ্তরকে জানানো হয়েছে। পাশাপাশি থানা পুলিশের পক্ষ থেকেও নজরদারি করা হচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *