
আন্তর্জাতিক ডেস্ক: কুয়েত ও বাহরাইনে নতুন করে চালানো হামলাকে আত্মরক্ষামূলক অভিহিত করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার (৩ জুন) কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালায় ইরান। এ সময় বাহরাইনে মিসাইল ও ড্রোন ছুড়ে দেশটি। কুয়েত পরবর্তীতে জানায় তাদের ভূখণ্ডে ইরান আজ ৩০ টি মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে। হামলাকে আত্মরক্ষা অভিহিত করে আরাগচি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছে, যুদ্ধ বিরতি লঙ্ঘন এবং বেসামরিক অবকাঠামো ও জাহাজের ওপর যেখান থেকে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে আমাদের সেনারা সেসব স্থানকে টার্গেট করেছে। নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র যা অর্জন করতে পারেনি। আরেকটি যুদ্ধের মাধ্যমেও পারবে না।
ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের অবকাঠামো ও নৌবাহিনীর ওপর যেখান থেকে হামলা চালানো হয়েছে তারাও সেখানে পাল্টা হামলা চালিয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের ওপর হামলার দায় কুয়েত ও বাহরাইনকে নিতে হবে। কারণ তারা তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহারের সুযোগ দিয়েছে। এদিকে কুয়েত ইরানের এ দাবি অস্বীকার করেছে।
কুয়েতি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অন্য কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসনে কুয়েত তার ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি। ইরান যে দাবি করেছে তার কোনো ভিত্তি নেই।
সূত্র: আলজাজিরা

