
বিশেষ খবর ডেস্ক: সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে মোট ৪১ জন বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে। মৃত এ হজ যাত্রীদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। মৃত এ হজ যাত্রীদের মধ্যে ৩০ জন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে মক্কায়, বাকি ১১ জন মদিনায়। বাংলাদেশ সরকারের হজ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের বরাতে জানা গেছে এ তথ্য। সর্বশেষ গতকাল যে দুই বাংলাদেশি মারা গেছে, তারা হলেন মো. আবদুল মজিদ ও মো. শাহজাহান আলী। আবদুল মজিদের বাড়ি নওগাঁ। তিনি মদিনায় মারা গেছে। শাহজাহান আলীর বাড়ি ঢাকার খিলগাঁও। তার মৃত্যু হয়েছে মক্কায়।
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন দেশে ফিরছে হাজিরা। গতকাল পর্যন্ত সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৬১৩ জন হাজি দেশে ফিরেছে। এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে গত ২৬ মে। ঢাকা থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়েছে গত ১৮ এপ্রিল, শেষ ফ্লাইট ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, চলবে ৩০ জুন পর্যন্ত।
২০২৬ সালের হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়েছে প্রায় ৭৮ হাজার ৫০০ জন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায়, বআকি ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে গিয়েছে। সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এ বছর পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে গড়ে ১৫ লাখের বেশি মুসল্লি দেশটিতে যান।

