
বিশেষ খবর ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মনোনীতদের নাম ঘোষণা করেছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত তালিকা পর্যালোচনায় এবার নতুনদের প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। মোট ২৮ জন নারী প্রথম বারের মতো বিএনপি মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হতে যাচ্ছে। তারা হল শিরিন সুলতানা, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, শাকিলা ফারজানা, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা। এ তালিকার বাকি ৮ জন এর আগে সংসদ সদস্য ছিল। তারা হল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রেহানা আক্তার রানু, রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, সুলতানা আহমেদ, নেওয়াজ হালিমা আর্লি। এ তালিকায় আরো এমন ২ জন নারী স্থান পেয়েছে যাদের স্বামী, বাবা কিংবা শ্বশুর সংসদ সদস্য বা মন্ত্রী হয়েছে। এরা হল বিএনপি নির্বাহী সদস্য ও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী। তার বাবা সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, আর শ্বশুর বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আরেক জন হল শিরিন সুলতানা। তার স্বামী বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছে এমন ৩ জনও সংরক্ষিত কোটায় সংসদ সদস্য হতে যাচ্ছে। তারা হল ঢাকা-১৪ আসনের সানজিদা ইসলাম তুলি, যশোর-২ আসনের সাবিরা সুলতানা, শেরপুর-১ আসনের সানসিলা জেবরিন। মহিলা দল থেকে মনোনয়ন পেয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। বিএনপি মিডিয়া সেল থেকে মনোনয়ন পেয়েছে ২ জন। তারা হল মাহমুদা হাবিবা ও শাম্মী আক্তার। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি থেকে মনোনয়ন পেয়েছে ৩ জন। তারা হল, ফেরদৌস আহমেদ, আরিফা সুলতানা, নাদিয়া পাঠান। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি থেকে ১ জন মনোনয়ন পেয়েছে। তিনি হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার। তিনি এবারের সংরক্ষিত নারী সংসদ সদস্যদের মধ্যে সর্বকনিষ্ঠ হবে। তার বাবা প্রয়াত বিএনপি নেতা অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী।

অপরদিকে তালিকা পর্যালোচনা করে দেখা যায়, সারাদেশে বিএনপি দলের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত নয় এমন কয়েকজন সংরক্ষিত নারী আসন কোটায় মনোনয়ন পেয়েছে। তাদের মধ্যে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা থেকে সংরক্ষিত মহিলা আসনে বিএনপির মনোনয়ন পেয়েছে অ্যাডভোকেট মাধবী মারমা। সে বিএনপি দলের কোন সাংগঠনিক কমিটির কোন সাংগঠনিক পদে ছিল না। সে বান্দরবান জেলায় আগে কখনো বিএনপি দলের রাজনৈতিক কর্মকাণ্ড, মিটিং, মিছিল বা সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিল না। দেখা য়ায় সে আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী বান্দরবান জেলায় সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছে। অদৃশ্য শক্তির আশীর্বাদে অন্তর্বর্তীকালীন সরকার আমলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। এদিকে ত্যাগীদের মূল্যায়ন না করে কোন বিবেচনায় আওয়ামী লীগ আমলের সুবিধাভোগি নারীকে মনোনয়ন দেওয়া হলো এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। দেশের অন্যপ্রান্তে তার মধ্যে আর একজন হল জহরত আবিদ চৌধুরী। সে ছিল মোবাইল অপারেটর বাংলা লিংকের সিইও। এ ছাড়া মনোনয়ন পেয়েছে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসাইন।
বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, যারা অভিজ্ঞ, রাজপথে নিপীড়িত ও নির্যাতিত তারা মূল্যায়িত হয়েছে। এটা দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নীতিনির্ধারকদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নিয়েছে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য মোট ৭৭ টি আসনে বিজয়ী হয়। সংসদীয় বিধান অনুযায়ী এ আসনের ওপর ভিত্তি করে জোটটি সংরক্ষিত নারী আসনে ১৩ টি আসন লাভ করছে। অপরদিকে মোট ৫০ টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৬ টি আসন পেয়েছে বিএনপি ও অন্যান্য পেয়েছে ১ টি আসন।

