
বিশেষ খবর ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে একযোগে দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হয়। সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল একের পর এক নির্বাচন কমিশনে এলে গণভোটের ফলাফল নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এখনো অনেক আসনের গণভোটের ফলাফল নির্বাচন কমিশনকে রিটার্নিং কর্মকতারা (ডিসি) দেয়নি এটি জানিয়েছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে গণভোটের ফলাফলের বিষয়ে নির্বাচন কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, অনেক আসন থেকে গণভোটের ফলাফল নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হয়নি। নারায়ণগঞ্জ, গাজীপুর ও নেত্রকোনার ডিসি (রিটার্নিং) সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলের তথ্য দিলে গণভোটের তথ্য এখনো দেননি। নির্বাচন কমিশন থেকে পর্যায়ক্রমে খোঁজ নেওয়ার পর জানা গেছে, ইসিকে ফলাফল না দিয়ে ডিসিরা বাসায় চলে গেছে। ডিসিরা তাদের অধীন কর্মকর্তাদের বলে গেছে, শুক্রবার গণভোটের ফলাফল নির্বাচন কমিশনে পাঠাবে। তাদের ফলাফল পাওয়ার ওপর গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা নির্ভর করছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত চতুর্থ গণভোটে অংশ নিয়েছে ৭ কোটি ৬ লাখ ৪০ হাজার ৫৬ জন। অর্থ্যাৎ ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ। জুলাই সনদের সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে বেশিরভাগ ভোটার সম্মতি দিয়েছে। গণভোট: হ্যাঁ ভোট পড়েছে ৬৮.০৬%। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোটে রায় দিয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন (৬৮.০৬%)। আর সংস্কার বাস্তবায়নে অসম্মতি জানিয়েছে ‘না’ ভোট ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন (৩১.৯৪%)।
অন্যদিকে ৪ টি সংসদীয় আসনে গণভোটে ‘না’ জয়ী হয়েছে। বান্দরবানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭ টি, ‘না’ ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬ টি। মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৪২২ টি। চট্টগ্রাম-১৩ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮০ হাজার ৫৮০ টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৯ টি। মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ টি। রাঙ্গামাটিতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯ টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫ টি। মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭ টি। এছাড়া খাগড়াছড়িতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫ টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪২ টি। মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন।
১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে একটানা ভোট চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এদিন ২৯৯ আসনে ভোট হয়েছে। জুলাই সনদের অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার সংক্রান্ত ৪৮ দফা বাস্তবায়নে জনগণের সম্মতি নেওয়ার জন্য এ গণভোটের আয়োজন।

