ধারাবাহিক নাটক এটা আমাদের গল্প: বিলিয়ন ভিউ

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন পর পারিবারিক আবেগ ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত কোনো ধারাবাহিক নাটক ঘিরে দর্শক মহলে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। নাটকটি জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এটা আমাদেরই গল্প। যা ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। ইউটিউবে নাটকটির প্রায় প্রতিটি পর্বে ১০ থেকে ১৮ মিলিয়ন ভিউ দেখা গেছে। এমনকি মাত্র একদিন আগে প্রকাশ পাওয়া ২৬ নম্বর পর্বটি ইতোমধ্যে ৭ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে।

            এদিকে নির্মাতা রাজ সম্প্রতি গণমাধ্যমে জানিয়েছে, নাটকটি মাত্র ২৬ টি পর্বে এসে ভিউয়ের দিক থেকে এক নতুন রেকর্ড গড়েছে। ইউটিউব, ফেসবুক সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এ ধারাবাহিকটি এখন পর্যন্ত মোট ২৬০ কোটি (২.৬ বিলিয়ন) বার দেখা হয়েছে। পারিবারিক বন্ধন, ভালোবাসা ও দ্বন্দ্বের এক নিটোল গল্পে বোনা হয়েছে এ নাটক। দুই ভাই ফাহাদ ও সামির এবং তাদের স্ত্রী সায়রা ও মেহেরিনের জীবনের ঘটে যাওয়া নানা ঘটনা এতে উঠে এসেছে।

            নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক তারকা। রয়েছে ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার ও সুনেরাহ্‌ বিনতে কামাল। আরও রয়েছে ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু ও অনেকে। আদিত্য মনিরের চিত্রগ্রহণে নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরার ক্ষণিকালয় শুটিং হাউস ও সাভারের একটি রিসোর্টে। নাটকটিকে আরও প্রাণবন্ত করেছে এর তিনটি গান। টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। সে মানালে শিরোনামের গানটি গেয়েছেন শাহরিয়ার মার্সেল। জানি না গানে কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান ও সুস্মিতা।

            সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত এ মেগা ধারাবাহিকটি প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯ টায় চ্যানেল আই এর পর্দায় প্রচারিত হচ্ছে। এছাড়া বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২ টায় নাটকটি দেখা যাচ্ছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *