বাংলাদেশে জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আমন্ত্রণ ২৬ দেশ ও ৭ সংস্থাক: বিদেশি পর্যবেক্ষকদের থাকা খাওয়ার খরচ দেবে ইসি

বিশেষ খবর ডেস্ক: বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিতে এবার বিশ্বের ২৬ টি দেশ ও ৭ টি আন্তর্জাতিক সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছে নাসির উদ্দিন কমিশন। সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

            পর্যবেক্ষকদের আতিথেয়তায় ইসি জানায়, এ সব দেশ ও সংস্থা থেকে আগত মোট ৮৩ জন বিদেশি পর্যবেক্ষকের আবাসন (একোমোডেশন) ও খাবারের (ফুড) যাবতীয় ব্যয়ভার বহন করবে নির্বাচন কমিশন। আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা তুলে ধরতে কমিশনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন আশা করছে, বিদেশি পর্যবেক্ষকদের এ সরব উপস্থিতি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

            অতীতের নির্বাচন পর্যবেক্ষণের পরিসংখ্যান বিগত কয়েকটি নির্বাচনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, পর্যবেক্ষকদের অংশগ্রহণ ছিল বৈচিত্র্যময়। দ্বাদশ সংসদ নির্বাচন (২০২৪): এ নির্বাচনে ৪০ টি পর্যবেক্ষক প্রতিষ্ঠানের ৫১৭ জন বিদেশি এবং স্থানীয় ৮৪ টি প্রতিষ্ঠানের ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক অংশ নেন।

            একাদশ সংসদ নির্বাচন (২০১৮): ৮১ টি দেশি প্রতিষ্ঠানের ২৫ হাজার ৯০০ জন প্রতিনিধি ভোট পর্যবেক্ষণ করেন। বিদেশি পর্যবেক্ষক কমনওয়েলথ, ওআইসি, ফেমবোসা ও এএইএ থেকে আমন্ত্রিত ৩৮ জন এবং বিভিন্ন মিশনের ১২৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

            দশম সংসদ নির্বাচন (২০১৪): সব দল অংশ না নেওয়ায় এ নির্বাচনে পর্যবেক্ষক সংখ্যা ছিল সবচেয়ে কম। মাত্র ৪ জন বিদেশি এবং স্থানীয় ৮ হাজার ৮৭৪ জন পর্যবেক্ষক এতে অংশ নেন।

            নবম সংসদ নির্বাচন (২০০৮): এ বছর রেকর্ড সংখ্যক ১ লাখ ৫৯ হাজার ১১৩ জন দেশি এবং ৫৯৩ জন বিদেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছিল।

            ইইউ ও যুক্তরাষ্ট্রের অবস্থান রেকর্ড বলছে, ২০১৮ এবং ২০১৪ সালের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক পাঠায়নি। পরবর্তীতে এ দুটি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে তারা বিভিন্ন সময় প্রশ্ন উত্থাপন করেছিল। তবে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবার আগেভাগে আন্তর্জাতিক সম্প্রদায়কে আমন্ত্রণ জানালো কমিশন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *