জেন-জি আন্দোলনে উত্তাল মেক্সিকো: চাই মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে শুরু হয় জেন-জি আন্দোলন। এক মেয়রের মৃত্যু ঘিরে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে জেন-জি। শনিবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় সহিংসতায় রূপ নেওয়া এ আন্দোলনে ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায় যাদের বেশিরভাগ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

            সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, জেন-জিরা এ আন্দোলন শুরু করলে সব বয়সী মানুষ গতকাল এতে যোগ দেয়। এছাড়া দেশটির বিরোধী দল আন্দোলনে সমর্থন জানিয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন ন্যাশনাল প্যালেসের সামনে জড়ো হয়েছিল। এ সময় তারা ভবনটির চারপাশে থাকা কিছু লোহার বেড়া ভেঙে ফেলেন। এরপর সহিংসতা শুরু হয়। পুলিশ তখন কাঁদানে গ্যাস ও অগ্নিনির্বাপক দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।

            মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাজকুয়েজ বলেছেন, আন্দোলন দীর্ঘসময় শান্তিপূর্ণ ছিল। কিন্তু মুখ ঢাকা একটি দল সহিংসতা শুরু করে। তিনি জানিয়েছেন, পুলিশের ১০০ সদস্য আহত হয়েছে। যারমধ্যে ৪০ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। অপরদিকে পুলিশের হামলায় ২০ বিক্ষোভকারী আহত হয়েছেন

            ২০২৪ সালের অক্টোবর থেকে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ক্ষমতায় রয়েছেন। দেশটিতে তার এখনো জনপ্রিয়তা রয়েছে। কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের জেরে সমালোচনার মুখে পড়েছে তিনি। বিশেষ করে মিশোয়াকান রাজ্যের উরুয়াপানের মেয়র মাঞ্জো রদ্রিগেজ হত্যার শিকার হওয়ার পর সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছে। এ মেয়র তার শহরে মাদক চোরাচালান গ্যাংদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছিল। তখন তাকে হত্যা করা হয়।

            রোসা মারিয়া আভিলা নামে ৬৫ বছর বয়সী এক বিক্ষোভকারী বলেছেন, এ মেয়র ছিলেন এমন এক ব্যক্তি যিনি অপরাধীদের শায়েস্তা করতে পুলিশ সদস্যদের পাহাড়ি এলাকায় পাঠাচ্ছিল। সন্ত্রাসীদের প্রতিরোধ করার সাহস ছিল তার। আন্দ্রেস মাসা নামে ২৯ বছর বয়সী আরেক বিক্ষোভকারী বলেন, আমাদের আরও নিরাপত্তা প্রয়োজন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *