রাশিয়া পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে: শব্দের চেয়ে গতি তিনগুণ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া নতুন প্রজন্মের পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে। এ ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এ ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে তিনগুণ বেশি হবে এবং ভবিষ্যতে তা হাইপারসনিক পর্যায়ে পৌঁছাতে পারবে। বুধবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

            মস্কোয় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন বলেন, নতুন প্রজন্মের পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু হয়েছে। এ ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির চেয়ে তিনগুণের বেশি হবে। ভবিষ্যতে তা হাইপারসনিক গতিতে পৌঁছাবে। ক্রেমলিনে আয়োজিত এ অনুষ্ঠানে পুতিন রাশিয়ার পারমাণবিক চালিত বুরেভেসনিক ক্ষেপণাস্ত্র ও পানির নিচে ব্যবহারের জন্য পোসেইডন নামে অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করেন। তিনি আরও জানান, রাশিয়া এখন এমন এক নতুন প্রজন্মের অস্ত্র তৈরি করছে। যেগুলো বুরেভেসনিক ও পোসেইডনের মতো এক ধরনের শক্তি ইউনিটের ওপর ভিত্তি করে তৈরি হবে। বুরেভেসনিক ক্ষেপণাস্ত্র তৈরি রাশিয়ার মানুষের জন্য ঐতিহাসিক অর্জন, যা আগামী কয়েক দশক দেশের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য নিশ্চিত করবে। তিনি দাবি করেন, গত ২১ অক্টোবর বুরেভেসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সময় পরীক্ষাস্থলের কাছাকাছি ন্যাটোর একটি যুদ্ধজাহাজ উপস্থিত ছিল। কিন্তু মস্কো তাদের কার্যক্রমে কোনো বাধা দেয়নি।

            রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, পোসেইডন প্রকল্প বুরেভেসনিক তৈরির কাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। উভয় প্রকল্পে ব্যবহৃত প্রযুক্তি অনন্য এবং একে অপরের পরিপূরক। এ দুটি অস্ত্র তৈরিতে ব্যবহৃত দেশীয় প্রযুক্তি শুধু প্রতিরক্ষা খাতে নয়, বেসামরিক খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। মস্কো কোনো দেশের জন্য হুমকি নয়। অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো রাশিয়াও তার পারমাণবিক সক্ষমতা আধুনিক করছে। তিনি আরও বলেন, এ বছর আমরা সারমাত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেমকে যুদ্ধ পরীক্ষায় ব্যবহার করবো এবং আগামী বছর এটি পূর্ণাঙ্গ যুদ্ধ অবস্থানে মোতায়েন করা হবে। বুরেভেসনিকের গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন হয়েছে।

            রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ জানান, ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৫ ঘণ্টা উড়ে ১৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। ২০১৮ সালে প্রথম ঘোষণা দেওয়া বুরেভেসনিক ও পোসেইডন ক্ষেপণাস্ত্র দুটি অদ্বিতীয় এবং অসীম পাল্লার ক্ষমতাসম্পন্ন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *