
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে অত্যাধুনিক টমাহক ক্ষেপণাস্ত্র দিতে রাজি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তিনি যুদ্ধ আরও জটিল করতে চান না। যদি ভবিষ্যতে সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রেখেছেন মার্কিন রিপাবলিকান এ প্রেসিডেন্ট। সোমবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বার্তাসংস্থাটি প্রতিবেদনে বলছে, মূলত যুক্তরাষ্ট্রের কাছ থেকে এ অস্ত্র ক্রয় করে তা ইউক্রেনের হাতে তুলে দিতে চায় সামরিক জোট ন্যাটোর কয়েকটি সদস্য দেশ। তবে ট্রাম্প স্পষ্ট করেছেন, চলমান যুদ্ধে উত্তেজনা আরও বাড়ুক, তা তিনি চান না এবং এ কারণে এমন কোনো পদক্ষেপ নিতে তিনি আগ্রহী নন। ফ্লোরিডার পাম বিচ থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ান বিমানে ট্রাম্প এসব কথা বলার পাশাপাশি ভবিষ্যতে সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত দেন। তিনি বলেন, আমি মত বদলাতে পারি। এর আগে গত ২২ অক্টোবর হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ন্যাটো মহাসচিব মার্ক রুটের বৈঠকে ইউক্রেনকে অত্যাধুনিক টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার ইস্যুটি আলোচনায় ওঠে। পরে রুটে গত শুক্রবার বলেন, বিষয়টি এখন পর্যালোচনাধীন রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের।
টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার (১ হাজার ৫৫০ মাইল)। যা রাশিয়ার ভূখণ্ডের অনেক গভীরে, এমনকি মস্কো পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে অনেকদিন ধরে এ ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ করেছেন। ক্রেমলিন সতর্ক করে ইউক্রেনকে টমাহক সরবরাহের কোনো প্রচেষ্টা হলে তার পরিণতি হবে গুরুতর।

