
আন্তর্জাতিক ডেস্ক: চীনের কমিউনিস্ট পার্টিতে রাজনৈতিক শুদ্ধি অভিযান শুরু। শীর্ষ নয় জন জেনারেলকে বরখাস্ত করেছে ক্ষমতাসীন চীনের কমিউনিস্ট পার্টি। এক সঙ্গে তাদের সামরিক বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। এটি দেশটিতে কয়েক দশকের মধ্যে সামরিক বাহিনীর মধ্যে অন্যতম বড় অভিযান। যে ৯ জনকে বরখাস্ত করা হয়েছে তারা হলেন, সেন্ট্রাল মিলিটারি কমিশনের (সিএমসি) ভাইস চেয়ারম্যান হি ওয়েইডং, সিএমসি রাজনৈতিক বিভাগের ডিরেক্টর মিয়াও হুয়া, সিএমসির রাজনৈতিক বিভাগের এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর হে হংজুন, সিএমসির জয়েন্ট অপারেশন কমান্ড সেন্টারের এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর ওয়াং জিউবিন, ইস্টার্ন থিয়েটার কমান্ডার লিন জিয়াংইয়াং, সেনাবাহিনীর রাজনৈতিক কমিশনার কিন শুতং, নৌবাহিনীর রাজনৈতিক কমিশনার ইয়ুআন হুয়াজি, রকেট ফোর্সেস কমান্ডার ওয়াং হৌবিন, ও আর্মড পুলিশ ফোর্স কমান্ডারওয়াং চুনিং।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মারাত্মক আর্থিক অপরাধের জন্য এ নয় জন সন্দেহের তালিকায় রয়েছেন। তাদের বেশিরভাগ তিন তারকা জেনারেল এবং পার্টির সিদ্ধান্ত নেওয়ার ফোরাম কেন্দ্রীয় কমিটির অংশ। বিবৃতিতে এ বরখাস্তকে দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে বলা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক শুদ্ধিকরণের অংশ হিসেবে এটি হতে পারে। চীনের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা ও নতুন সদস্যদের মধ্যে ভোটের জন্য দলটির কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশনের আগে এ জেনারেলদের বরখাস্তের ঘটনা ঘটলো।

