
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ত্রাণবাহী ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলা স্পেন থেকে যাত্রা করে। ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লেবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা ও সুমুদ নুসানতারা এ চার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার ঐক্যমঞ্চ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে খাদ্য ও ওষুধে পূর্ণ ৪৩ টি জাহাজ বহর নিয়ে গাজার উদ্দেশে রওনা দেয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। জাহাজগুলোতে স্বেচ্ছাসেবী আছেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক বর্ণবাদ বিরোধী নেতা ও প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা এবং তুরস্ক, যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও অন্যান্য ৪৪ টি দেশের ৫০০ জন নাগরিক। এ নাগরিকদের কেউ পার্লামেন্টারিয়ান, কেউ আইনজীবী, কেউ রাজনৈতিক আন্দোলনকর্মী এবং কেউ বা স্বেচ্ছাসেবী। বুধবার ভূমধ্যসাগরের গাজা উপকূলের কাছাকাছি চলে এসেছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহর।
ইসরায়েল আটক করে ৪৩ টি জাহাজ: সে দিন সন্ধ্যার পর গাজা উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় নৌবহরের চারপাশ ঘিরে ধরে ইসরায়েলি নৌবাহিনীর যুদ্ধজাহাজ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ত্রাণবাহী ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার ৩৯ টি জাহাজ আটকে দিয়েছে দখলদার ইসরায়েল। এরফলে আর মাত্র একটি জাহাজ এখনো গাজার দিকে এগিয়ে যাচ্ছে তা জানিয়েছে আয়োজকরা। আটক করা জাহাজগুলোয় পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও অন্যান্য প্রায় ৫০০ অধিকারকর্মী ছিলেন। গতকাল রাতে আন্তর্জাতিক জলসীমায় অবৈধভাবে জাহাজগুলোর ওপর হামলে পড়ে ইসরায়েলি নৌ কমান্ডোরা। তারা জাহাজগুলোতে উঠে অধিকারকর্মীদের আটক করা শুরু করে। জাহাজে লাগানো ক্যামেরার লাইভ ফিডে দেখা গেছে ইসরায়েলি কমান্ডোরা অস্ত্রসস্ত্র নিয়ে জাহাজে উঠছেন। এ সময় জাহাজের যাত্রীরা হাত উপরের দিকে তুলে রেখেছিলেন। আটক নৌযানগুলোর মধ্যে কয়েকটির নাম জানা গেছে স্পেক্টার, অ্যালমা, সাইরাস, হুগা, মালি প্রভৃতি।

কলাম্বিয়া বহিষ্কার করে ইসরায়েলি কূটনীতিক: গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী নৌযানবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৩ টি নৌযান ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটকের ঘটনাকে আন্তর্জাতিক অপরাধ উল্লেখ করেছেন কলাম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সে সঙ্গে কলম্বিয়ার ইসরায়েলি দূতাবাসে কর্মরত সব ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের আদেশ দিয়েছেন তিনি। ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করেছেন।যে ৪৩ টি নৌযান আটক করেছে ইসরায়েলের নৌবাহিনী, সে সব নৌযানে ক্রু এবং যাত্রী ছিলেন ৫০০ শতাধিক। তাদের মধ্যে ম্যানুয়েল বেদোয়া এবং লুনা বারেতো নামের দুই কলম্বীয় নাগরিকও আছেন। দুই নাগরিককে আটকের পর পাল্টা পদক্ষেপ হিসেবে এ পদক্ষেপ নিয়েছেন গুস্তাভো পেত্রো। এ প্রসঙ্গে কলাম্বিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার জলসীমা থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানবহরে হামলা চালিয়ে ৪৩ টি নৌযান আটক করে ইসরায়েলি নৌবাহিনী। এটা আন্তর্জাতিক আইন ও জেনেভা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় পেত্রো বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান এবং যাত্রীদের আটকের মাধ্যমে বেঞ্জামিন নেতানিয়াহু আরও একটি আন্তর্জাতিক অপরাধ করলেন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে কলম্বিয়া ইসরায়েলের দূতাবাসের সব ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আদেশ প্রদান এবং ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আটকদের সবাইকে ইসরায়েলের বন্দরে রাখা হয়েছে তা জানিয়েছে নৌবাহিনী।
গত ১৮ বছর ধরে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার সমুদ্র উপকূল অবরোধ করে রেখেছে ইসরায়েল। গাজায় কোনো সমুদ্রবন্দর নেই এবং ইসরায়েলের অবরোধের কারণে আন্তর্জাতিক কোনো জাহাজ বা নৌযান গাজা উপকূলের কাছাকাছি যেতে পারে না। ফ্লোটিলার নৌবহর সেখানে পৌঁছালে তা হবে ১৮ বছর গাজার উপকূলে প্রথম কোনো আন্তর্জাতিক নৌবহরের নোঙ্গর করা।

