খাগড়াছড়িতে সহিংসতা প্রতিবেশী দেশের ইন্ধনের অভিযোগ: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

বিশেষ খবর ডেস্ক: খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ঘিরে একটি মহল অপতৎপরতা চালানোর চেষ্টা করছে এ অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপনে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মহানগর পুলিশের পাঁচটি থানার প্রশাসনিক কাম-ব্যারাক ভবন নির্মাণকাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

            স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দেশে সনাতন ধর্মীদের একটি বড় উৎসব চলছে। এ উৎসব যেন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। কিন্তু একটি মহল চায় না এটি সুন্দরভাবে হোক। খাগড়াছড়িতে তারা ঘটনা ঘটানোর চেষ্টা করছে। এ ঘটনায় খাগড়াছড়িতে তিনজন নিহত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটানো হচ্ছে। তবে কারও প্ররোচনায় যাতে পরিস্থিতি অস্থিতিশীল না হয়, সে জন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের পার্বত্য চট্টগ্রামের উপদেষ্টা ঘটনাস্থলে রয়েছেন। তিনি স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বয় করছেন। বর্তমানে পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে।

            স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে ফায়ার করেছে। এসব অস্ত্র অনেক সময় বাইরে থেকে আসে। দেশের নাম আমি নিতে চাই না। এসব প্রতিহত করতে সবার সহযোগিতা দরকার। এ সময় তিনি জানান, খাগড়াছড়িতে আটকে পড়া পর্যটকদের অধিকাংশকে ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি তিনি আহ্বান জানান, দুর্গাপূজার সময় যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, রাস্তা-ঘাট বন্ধ না করা হয় এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন হয় এ জন্য সবাইকে সাহায্য সহযোগিতা করতে হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *