থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

মথি ত্রিপুরা, প্রতিনিধি, থানচি: বান্দরবানের থানচিতে নাফাখুম ঝর্না ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ অবশেষে উদ্ধার করে উদ্ধারকারী টিম। রবিবার (১৬ নভেম্বর) বিকাল আনুমানিক সাড়ে ৪ টা দিকে চট্টগ্রাম থেকে আসা রহিদুল ইসলামের নেতৃত্বে ডুবুরি দল পর্যটকের মরদেহ উদ্ধার করেছে। এ ডুবুরি দল  নাফাখুম ঝর্ণার নিম্ন অংশে পাথরের ফাঁকে আটকে থাকা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে উদ্ধারকর্মীরা উদ্ধার করতে সক্ষম হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। নিখোঁজ পর্যটকের মৃত্যুর খবরে তার পরিবার ও সহযাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর পুরো এলাকাতে নেমে এসেছে গভীর নিস্তব্ধতা।

            উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার স্টেশন অফিসার তরুণ বড়ুয়া জানান, এলাকাটি দুর্গম এবং পাথুরে হওয়ায় উদ্ধার কাজে সময় লেগেছে। ঝর্ণার পানির স্রোত স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় মরদেহ খুঁজে পেতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।

            থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার দুঃখ প্রকাশ করে জানান, গাইড ছাড়া পর্যটকদের দুর্গম স্থানে ভ্রমণ করা ঝুঁকিপূর্ণ ও বেআইনি। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সকলকে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর না হওয়ার পর্যন্ত এখানে রক্ষিত থাকবে।

            উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, আমরা শুরু থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। অবশেষে মরদেহ উদ্ধার হওয়ায় পরিবারকে তথ্য দেওয়া হয়েছে।

            গত ১৪ তারিখ চট্টগ্রাম থেকে ১৭ সদস্যের একটি পর্যটক দল থানচিতে আসে। কোন প্রকার গাইড রেজিস্ট্রেশন ছাড়া তারা নাফাখুম ঝর্নায় ঘুরতে গেলে গোসলের সময় দলে থাকা মোঃ ইকবাল হোসেন (২৪) নামে যুবক পানির স্রোতে তলিয়ে যায়। সাথে সবাই উঠে এলে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘটনাটি জানাজানি হলে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় গাইড সমন্বিতভাবে উদ্ধার অভিযান শুরু করে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *