
পুষ্পেন চৌধুরী, প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামে পাহাড় কাটার বিপর্যয় রোধে জরুরি কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) চট্টগ্রাম কার্যালয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় জানানো হয়, নগরায়ণ, অবৈধ বসতি স্থাপন ও বালু উত্তোলনের মতো কর্মকাণ্ড পাহাড় ধ্বংসের প্রধান কারণ। এতে পরিবেশ ও প্রতিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ প্রবণতা বন্ধে আইনের যথাযথ প্রয়োগ, প্রশাসনের কঠোর নজরদারি এবং বিকল্প নগর উন্নয়ন পরিকল্পনা গ্রহণ জরুরি। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. ইকবাল সরোয়ার। স্বাগত বক্তব্য দেন বেলা চট্টগ্রাম কার্যালয়ের বিভাগীয় সমন্বয়ক মনিরা পারভিন।
বক্তারা বলেন, পাহাড়, টিলা ও বনভূমি শুধু প্রাকৃতিক ঐতিহ্য নয় এটি জীববৈচিত্র্য, পরিবেশ ও মানবজীবনের নিরাপত্তার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। কিন্তু গত কয়েক দশক ধরে নির্বিচারে পাহাড় ও টিলা কাটার ফলে চট্টগ্রাম মহানগরীতে ভূমিধস, জলাবদ্ধতা, বন্যা ও প্রাণহানির মতো ভয়াবহ বিপর্যয় ঘটছে। সভায় বক্তারা আরও বলেন, পাহাড় রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি টেকসই কর্মপরিকল্পনা প্রণয়ন এবং আইনি পদক্ষেপ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। প্রয়োজন সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ এবং পাহাড় রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
আলোচনায় অংশ নেন স ম বখতিয়ার, সাধারণ সম্পাদক বাপা-চট্রগ্রাম, সিনিয়র সাংবাদিক আলিউর রহমান, প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক প্রণব বল, দ্যি বিজনেস স্টান্ডার্ড’র মিজানুর রহমান ইউসুফ, জেসমিন সুলতানা পারু, ইলমা, প্রধান নির্বাহ আতাউল হাকিম ইপসা, চট্টগ্রাম, খাগড়াছড়ি থেকে বেলা নেটওয়ার্ক সদস্য শ্যামল রুদ্র, পুস্পেন চৌধুরী (লোহাগাড়া), জাকির হোসেন (বাঁশখালী) প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বেলা কার্যালয়ের তমিজ উদ্দিন ও সংকেত দেব।
এ সময় বেলা নেটওয়ার্ক সদস্য, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

