
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির পানছড়ি ইউনিয়ন পরিষদে দরিদ্র ও দুস্থ পরিবারের জন্য বরাদ্দ করা ভিজিএফ চাল আত্মসাতের মামলায় সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১১ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এ আদেশ দিয়েছেন।
মামলার নথি অনুযায়ী জনা যায়, ২০০৮ সালের ডিসেম্বরে এক হাজার ভিজিএফ কার্ডধারীর জন্য ১৫ কেজি করে মোট ১৫ হাজার কেজি চাল বরাদ্দ হয়। কিন্তু তৎকালীন চেয়ারম্যান খোরশেদ আলম ১৮৮ জনকে ১০ কেজি করে চাল দেন। এতে ২ হাজার ৮২০ কেজি চাল বিতরণের পর ১২ হাজার ১৮০ কেজি চাল অবশিষ্ট থাকার কথা থাকলে মজুদে পাওয়া যায় ৬ হাজার ৯০৪ কেজি। বাকি ৫ হাজার ২৭৬ কেজি চাল আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনার পর ইউপি সচিব মুজিবুর রহমান ভুঁইয়া বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে দুদক চট্টগ্রামের তৎকালীন উপসহকারী পরিচালক (বর্তমানে উপপরিচালক) রিয়াজ উদ্দিন আদালতে খোরশেদ আলমকে আসামি করে অভিযোগপত্র দেন।
আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ বলেন, জামিনে থাকা আসামি নির্ধারিত তারিখে আদালতে হাজির হননি। ১১ আগস্ট আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

