
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান দায়িত্ব গ্রহন করেন শেফালিকা ত্রিপুরা। বুধবার (৯ জুলাই) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা দশম নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন। এ সময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ছাবের, পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা।
গত ৮ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক আদেশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান দায়িত্ব পেয়েছেন শেফালিকা ত্রিপুরা। শেফালিকা ত্রিপুরা একজন অভিজ্ঞ এনজিও কর্মী ও সমাজসেবী নারী নেত্রী। তিনি দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

অপরদিকে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ পেয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। এ আদেশ পত্রে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
গত ৭ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম সাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে উল্লেখ করা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে পরিষদের ১৪ জন সদস্য কর্তৃক সদস্যদের অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের সঙ্গে অসদাচরণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও শিক্ষকবদলি বাণিজ্য, ঠিকাদার বিলের ফাইল আটকে রেখে ঘুষ বাণিজ্য এবং চরম দুর্নীতির অভিযোগ দাখিল করা হয়। অভিযোগটি বর্তমানে তদন্তাধীন। এছাড়া অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সকল প্রকার কার্যক্রম হতে বিরত থাকতে বলা হয়েছে। গত বছর ৭ নভেম্বর ২০২৪ খ্রি: রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান ও আরও ১৪ জন সদস্য নিয়ে পুনর্গঠন করা হয় অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এর ৩ দিন পর ১০ নভেম্বর নবনিযুক্ত সদস্যদের নিয়ে দায়িত্ব গ্রহণ করেন চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।



