
জাতীয় ডেস্ক: ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় পথসভার মধ্য দিয়ে শেষ হলো জাতীয় নাগরিক পার্টি-এনসিপি দেশব্যাপী পদযাত্রা পথসভা কর্মসূচি। বুধবার (৩০ জুলাই) রাত ৯ টার দিকে আশুলিয়ার বাইপাইলে এনসিপি পদযাত্রার পথসভা আয়োজন করা হয়েছে। সভায় দলটির নতুন কর্মসূচির ব্যাপারে জানানো হয়। এনসিপির নেতারা এ দিন আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান। সেদিন নতুন বাংলাদেশ গঠনের কর্মসূচি ঘোষণা হবে তা জানান জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, এ সাভার, এ আশুলিয়া, এ বাইপাইলের পয়েন্টে গণ-অভ্যুত্থানের সময় আমাদের ছাত্র-জনতা বুক চিতিয়ে লড়াই করেছিল ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে। সাভার, আশুলিয়া গণ-অভ্যুত্থানের সময় হটস্পট ছিল আন্দোলনে। অন্যদিকে নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ী, এদিকে সাভার, আশুলিয়া, ওদিকে গাজীপুর, টঙ্গী আপনারা প্রতিরোধ তৈরি করেছিলেন এ জন্য ঢাকা সুরক্ষিত ছিল। ঢাকার মানুষ রাজপথে নামতে সাহস করেছিল।
নাহিদ বলেন, এ সাভার-আশুলিয়ায় গণ-অভ্যুত্থানের সময় আমরা জানি কী নির্মমভাবে নির্যাতন চালানো হয়েছিল, গুলি চালানো হয়েছিল, আমার ভাইয়েরা শহীদ হয়েছিল। ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের দোসরেরা সারা বাংলাদেশে আমাদের ভাইদের ওপর নিপীড়ন চালিয়েছিল। সে শেখ হাসিনাকে দশবার ফাঁসিতে ঝোলালে তার অপরাধ আসলে কমবে না। বাংলাদেশের মানুষ কোনো দিন ক্ষমা করবে না শেখ হাসিনাকে। কোনো দিন ক্ষমা করবে না আওয়ামী লীগকে। কোনো দিন ক্ষমা করবে না কোনো ধরনের রিফাইন আওয়ামী লীগকে। ঢাকা জেলার পাঁচটি উপজেলা থেকে আগামীতে নেতৃত্ব তৈরি হবে। দীর্ঘদিন ধরে এসব উপজেলা বৈষম্য ও বঞ্চনার শিকার। আমরা মনে করি এ পাঁচ উপজেলায় অনেক সম্ভাবনা রয়েছে। শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব। শ্রমিক অঞ্চল রয়েছে এ সাভারে। কিন্তু নানা কারণে শ্রমিকেরা আন্দোলন গড়ে তোলে। কারণ শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না। এ শ্রমিকেরা আমাদের গণ-অভ্যুত্থানে শক্তি জুগিয়েছিল। রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়েছিল। আমরা সে শ্রমিকের ন্যায্য মজুরির জন্য লড়াই করতে চাই। আমরা সাভার-আশুলিয়াসহ পুরো ঢাকা জেলাকে চাঁদামুক্ত জেলা গড়ে তুলতে চাই। সন্ত্রাসমুক্ত জেলা গড়ে তুলতে চাই। দুর্নীতিমুক্ত জেলা গড়ে তুলতে চাই।

নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের পথে-প্রান্তরে ৩০ দিন জুলাই পদযাত্রা করেছি। আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে, আমাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে। আমাদের পদযাত্রায় যে জনস্রোত নেমে এসেছে, সে জনস্রোতে ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে। কিন্তু আমরা থেমে যাইনি, এ জনস্রোত থামানো যায়নি, পদযাত্রা থামানো যায়নি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে, আগামীর ঢাকায় এনসিপি দিকে এ জনস্রোত থামানো যাবে না।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি সমাপ্ত হয়েছে। জুলাই মাস জুড়ে দলটি সারা দেশে পথসভা ও পদযাত্রা কর্মসূচি পালন করে। সারাদেশ ব্যাপী রোদ-বৃষ্টি-ঝড় ও নানা বাধা অতিক্রম করে সাভারের বাইপাইলে পথসভার মধ্য দিয়ে শেষ হয়েছে এনসিপি দেশ গড়তে জুলাই পদযাত্রা। পদযাত্রার বহর নিয়ে শীর্ষ নেতারা এনসিপি প্রধান কার্যালয়ে এসেছেন। কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপি ঢাকা মহানগরের নেতা কর্মীরা।
গত ১ জুলাই নতুন দেশ গড়ার ডাক দিয়ে গাইবান্ধা থেকে আনুষ্ঠানিকভাবে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। গাইবান্ধা পৌরপার্কে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এনসিপি দলের জুলাই পদযাত্রা কর্মসূচি মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন ঘোষণা করেন নাহিদ ইসলাম। এ কর্মসূচি শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় ও শেষ হয় ৩০ জুলাই সাভার আশুলিয়ায় পথসভা দিয়ে।

