এনসিপি দলের জুলাই পদযাত্রা কর্মসূচি: সংস্কার ও জুলাই সনদে বাধা দিলে রাজপথে প্রতিরোধ, চাঁপাইনবাবগঞ্জে আখতার হোসেন

জাতীয় ডেস্ক: মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্রে কেউ বাধা দিলে আবার রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে এটি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। রোববার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে দেশ গড়তে জুলাই পদযাত্রার ধারাবাহিক কর্মসূচির অংশ আয়োজিত পথসভায় এ কথা জানান তিনি।

            আখতার হোসেন বলেন, বাংলাদেশে কেউ যদি মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করে, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকে রাখতে চায়, তাদের বিরুদ্ধে জুলাইতে যেমন করে চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা রাজপথে ছিল, সে ভাবে আবারো প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ নিজেদের মর্যাদা, অধিকার, ঐতিহ্য নিয়ে বাংলাদেশে বসবাস করবে, কিন্তু বাংলাদেশের দিকে ভারত, চীন বা আমেরিকা কেউ আঙুল উঁচিয়ে কথা বলার সাহস করবে না। চাঁপাইনবাবগঞ্জের মানুষ আঞ্চলিক ও রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে এসেছেন। কিন্তু নতুন যে বাংলাদেশ প্রতিষ্ঠত হয়েছে সে বাংলাদেশে রাজনৈতিক কারণে আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না। যে রক্ত, শ্রম ও জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, সে নতুন বাংলাদেশে পুরাতন সিস্টেম বা কায়দায় চলতে পারে না। বাংলাদেশকে নতুন কায়দায় নতুনভাবে পরিচালনা করতে অবশ্য একটি সংবিধান প্রণয়ন করতে হবে। এছাড়া গণহত্যার বিচার করা হবে। বাংলাদেশের মানুষের ওপর দীর্ঘ সময় ধরে এ আওয়ামী লীগ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারীরা যে নির্মম নির্যাতন করেছে আর সে নির্যাতনকে সায় দিয়ে দিল্লির সরকার বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে মানুষকে গুলি করে হত্যা করেছে।

            এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

            গত ১ জুলাই নতুন দেশ গড়ার ডাক দিয়ে গাইবান্ধা থেকে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গাইবান্ধা পৌরপার্কে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এনসিপি দলের জুলাই পদযাত্রা কর্মসূচি মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন ঘোষণা করেন নাহিদ ইসলাম।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *