পঞ্চগড় প্রেসক্লাব নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা: তালা দিয়েছে জেলা প্রশাসন

জাতীয় ডেস্ক: পঞ্চগড় প্রেসক্লাব ঘিরে সাংবাদিকদের দুই গ্রুপের মধ্যে চলমান উত্তেজনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ১২ টা ৩০ মিনিটে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাস এ আদেশ জারি করেন। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন পঞ্চগড় প্রেসক্লাবে উপস্থিত হয়ে এ আদেশ পড়ে শোনান এবং প্রেসক্লাবের ভবন ও প্রধান ফটক সিলগালা করে দেন।

            এ সময় অন্যদের মধ্যে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়াম, পঞ্চগড় সদর থানা পুলিশের ওসি আব্দুল্লা হিল জামান ও পুলিশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

            জেলা প্রশাসক সাবেত আলী বলেন, দুই পক্ষের মধ্যে সংঘাত এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই পক্ষকে ডেকে সমস্যা সমাধানের প্রচেষ্টা চলছে।

            গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে প্রেসক্লাবের বহিরাগত কিছু সাংবাদিক প্রেসক্লাব দখল করলে দুইপক্ষের মধ্যে সংকট চরম আকার ধারণ করে। সাংবাদিকদের দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি কর্মসূচি চলতে থাকে। সাংবাদিকদের দুটি পক্ষই প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি দেয় এবং অবস্থান নেয়। চলতে থাকে বাক বিতণ্ডা। দুইপক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। প্রেসক্লাব এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্য। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসমাবেশ, অবৈধ অনুপ্রবেশ, মাইক বাজানো, সভা ও মিছিল পরিচালনা নিষিদ্ধ করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *