অনলাইন জুয়া: চক্রের মূল হোতা মতিউর গ্রেপ্তার

জাতীয় ডেস্ক: অনলাইন জুয়ার সাইট পরিচালনাকারী চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গ্রেপ্তার মো: মতিউর রহমানকে (২৯) অনলাইন জুয়া চক্রের মূল হোতা। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নেপালে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে সিআইডি একটি দল।

            সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩১ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর, বনশ্রী, আগারগাঁও ও  সিরাজগঞ্জের শাহজাদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন প্ল্যাটফর্ম মেল বেট, ওয়ানএক্স বেট, ও বেট উইনার নামে বেটিং সাইটগুলোর জুয়া পরিচালনাকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে সিআইডি। এ ঘটনায় ডিএমপি পল্টন মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে।

            জিজ্ঞাসাবাদে মতিউর রহমান জানান, ২০১৭ সালে পড়াশোনা করার জন্য রাশিয়ায় যান তিনি। সেখানে তিনি গ্রাজুয়েশন সম্পন্ন করে বর্তমানে সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স করছেন। তিনি ২০২১ সালে ওয়ানএক্স বেট ও বেট উইনার এর সঙ্গে যুক্ত হন। তিনি ৫ হাজার ডলার সিকিউরিটি মানি দিয়ে ওয়ানএক্স বেট এবং ৩ হাজার ডলার সিকিউরিটি মানি দিয়ে বেট উইনার এর এজেন্টশিপ গ্রহণ করে।

            বাংলাদেশে জুয়ার সাইট পরিচালনা করার পূর্বে একটি চক্র গড়ে তুলেন মতিউর। চক্রের সদস্যদের মধ্যে সৈকত রানা, সাদিকুলসহ আরও কয়েকজন তাদের এমএফএস এজেন্ট নম্বরগুলো ব্যবহার করে টাকা লেনদেন করত। পরবর্তীতে সকল এজেন্টদের কাছ থেকে সংগ্রহ করা টাকা সৈকত ও মতিউর যৌথভাবে পাঠিয়ে দিত। এভাবে তারা প্রতিমাসে বিপুল পরিমাণ টাকা হুন্ডি করে দেশের বাইরে পাচার করেছে। গ্রেপ্তার মতিউর আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *