
অর্থনীতি ডেস্ক: দেশের প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে নতুন নাম যুক্ত হলো। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ায় শিগগির মোবাইল ব্যাংকিং সেবা শুরু করতে পারবে। দেশে বর্তমানে ১৩ টি প্রতিষ্ঠান এমএফএস সেবা দিচ্ছে। এর মধ্যে নগদ ছাড়া বাকি ১২ টি বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স নিয়ে কাজ করছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি পর্যন্ত এমএফএস আওতায় অ্যাকাউন্ট রয়েছে ১৪ কোটি ৪৯ লাখ। এর মধ্যে একই ব্যক্তির একাধিক প্রতিষ্ঠানের হিসাব অন্তর্ভুক্ত। গত মাসে ৪৪ হাজার ৬৩৫ কোটি টাকা ক্যাশ ইন এবং ৪১ হাজার ১০৬ কোটি টাকা ক্যাশ আউট হয়েছে। ব্যক্তি থেকে ব্যক্তি স্থানান্তর হয়েছে ৫৩ হাজার ৩৫৮ কোটি টাকা। সাম্প্রতিক মাসগুলোর মধ্যে যা সর্বোচ্চ।
প্রাইম ব্যাংক জানিয়েছে, নতুন এ অনুমোদনের মাধ্যমে তাদের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক ফিনটেক দেশের ডিজিটাল আর্থিক খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে। প্রতিযোগিতার বাইরে গিয়ে সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা। আর্থিক সচেতনতা বাড়ানো এবং সবার জন্য সহজ ও নিরাপদ সেবা নিশ্চিত করা তাদের লক্ষ্য জানিয়েছে ব্যাংকটি। ডিজিটাল নিরাপত্তা ও ব্যবহার বান্ধব সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের ডিজিটাল অভিভাবক এ কাজ করতে চায়। একই সঙ্গে ব্যাংক বহির্ভূত জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনা এবং ক্যাশলেস অর্থনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করা তাদের মূল লক্ষ্য বলছে প্রতিষ্ঠানটি।

