পাথরঘাটা বরগুনা পর্যটন: সৌন্দর্যের লীলাভূমি পাথরঘাটার নীলিমা পয়েন্ট

পর্যটন ডেস্ক: সবুজ শ্যামলের দেশ বাংলাদেশ। এ দেশে রয়েছে কত কত সৌন্দর্যের প্রতীক পাহাড় পর্বত, ঝর্ণা আরও কত কিছু। বিদেশি পর্যটকদের মন কাড়ছে বাংলাদেশের এ সব জায়গায়। শুধু পাহাড় পর্বতে পর্যটকদের আকৃষ্ট করছে না, করছে উপকূলীয় অঞ্চল। তাইতো সারা বছর উপকূলীয় উপজেলা পাথরঘাটায় দেখা যায় পর্যটকদের ভিড়। সাগরের জলরাশি ছুঁয়ে এসে শরীরের প্রশান্তির পরশ বুলিয়ে দেয় নির্মল বাতাস। দর্শনার্থীদের সমাগমে মুখরিত হয়ে ওঠে বাঁধের পারের চরাঞ্চল। সৌন্দর্য পিপাসুরা দিগন্ত বিস্তৃত উদার প্রকৃতির দিকে নির্নিমেষ তাকিয়ে থাকতে থাকতে বিমোহিত আবেশে প্রায় যেন হারিয়ে যায় আকাশের নীলিমায়। বিষখালীর জলধারা বিলীন হয়েছে বঙ্গোপসাগরের মোহনায়। নদীর বাঁধের পারে দাঁড়ালে যতদূর চোখ যায় গহিন জলরাশি ছুঁই সুনীল আভা ছড়ানো আকাশে শোভন মেঘের ধীর লয়ের মিছিল। নদীতীরের চরে প্রাকৃতিক বনাঞ্চল। চরভূমিতে জোয়ারের জলে দোদুল্যমানতায় ভেসে থাকে দৃষ্টি সুখকর সবুজ প্রকৃতি। বরগুনার উপকূলীয় পাথরঘাটা পৌর শহরের পূর্ব অংশের বিষখালী নদীতীরের শহর রক্ষা বাঁধ ও তার আশপাশের এলাকা এখন পর্যটন সম্ভাবনায় উজ্জ্বল হয়ে উঠছে। সুনীল আকাশ আর বিশাল জলরাশি এখানে মিলেমিশে একাকার যেন-আর তাই এ স্থানের নামকরণ করা হয়েছে নীলিমা পয়েন্ট।

            দুপুরের সূর্য ক্রমে পশ্চিমে হেলে পড়লে এখানে এক দুজন করে শুরু হয় লোকসমাগম। মেঘের আভা যেন আছড়ে পড়ে। মনে হয় হাত বাড়ালে পাওয়া যায়। নির্মল প্রকৃতির পরশে অবসর, বিনোদনে মশগুল লোকজন এখানে অবস্থান করে রাত অবধি। দৈনন্দিন কাজের চাপে কান্ত-পরিশ্রান্ত শহুরে মানুষগুলো কোলাহলমুক্ত এ পরিবেশে কংক্রিটের ব্লকের ওপরে বসে থেকে খুঁজে প্রশান্তির পরশ। এখানে এসে তাদের হয়তো মনে পড়ে নিজ ঘরে দখিনের জানালা খুলে বসে থাকার কথা। শহরের ঈমান আলী সড়কের দক্ষিণ প্রান্ত থেকে শুরু করে বেড়িবাঁধটি যেখানে শেষ হয়েছে। তার নাম স্থানীয়ভাবে পুতাভাঙ্গা, কোথাও আবার মুতানিয়া বলে পরিচিত। এ ছাড়া সামুদ্রিক জলোচ্ছ্বাসে বাঁধটি বারবার ভেঙে যায়  অনেকের কাছে এলাকাটি ‘ভাঙন’ নামে পরিচিত।

            স্থানীয় প্রবীণরা বলেন, এক সময় সুন্দরবনগামী বাওয়ালিরা বিষখালীর তীরে তাদের নৌকা নোঙর করত। জীবিকার তাগিদে বিপদসংকুল সুন্দরবন অভিযানে যাওয়া আসার সময় বাওয়ালিরা এ এলাকাকে নিজেদের পছন্দমতো নামে নামকরণ করলে কাগজপত্রে এসবের কোনো তথ্য নেই। লোকমুখে প্রচলিত সে নামগুলো অনেকের কাছে তেমন শোভনীয় নয় বিধায় এখন এর নামকরণ করা হয়েছে নীলিমা পয়েন্ট।

            ২০২০ সালের সেপ্টেম্বরে বরগুনা জেলা প্রশাসন পর্যটন সম্ভাবনার দিকটি মাথায় রেখে নীলিমা পয়েন্ট নামের এ চিত্তকর্ষক পর্যটন স্পটটির আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা নেয়। পাথরঘাটা পৌর শহরের দক্ষিণ ২ নম্বর ওয়ার্ডে বিষখালী নদীর পাড়ে অবস্থিত নীলিমা পয়েন্ট। দক্ষিণ বঙ্গোপসাগরের মোহনা। সব সময় থাকে মৃদুমন্দ বাতাস। সব সময় কানে প্রশান্তির পরশ বোলায় নদীর বহমান পানির ছন্দ। নৌকায় জেলেদের আনাগোনায় গোধূলীতে নীল আকাশ মিতালি করে বিষখালীর পূর্ব তীরের সবুজ শ্যামল গাছগাছালির সঙ্গে। বাঁধে নির্মিত ব্লকে বসে সন্ধ্যায় দেখা যায় পূর্ব দিক থেকে চাঁদ ওঠার দৃশ্য। চাঁদের আলো পড়ে শান্ত নদীতে এক অপার্থিব নয়নাভিরাম দৃশ্যের সৃষ্টি হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *