নিরাপদ পানি-স্যানিটেশন উন্নয়ন: ৬০০ কোটি টাকা বরাদ্দ দেয় পিকেএসএফ

অর্থনীতি ডেস্ক: দেশে নিরাপদ পানি ও স্যানিটেশন কার্যক্রম জোরদার এবং ক্ষুদ্র উদ্যোগ খাতের প্রসারে আরও ৬০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পিকেএসএফের পরিচালনা পর্ষদের ২৬৪ তম সভায় এ বড় অঙ্কের তহবিল বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

            সংবাদ বিজ্ঞপ্তির বলা হয়, নিরাপদ পানি ও স্যানিটেশন কার্যক্রম শক্তিশালী করতে নতুন করে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে পিকেএসএফ। এর ফলে চলতি অর্থবছরে এ খাতে প্রতিষ্ঠানটির মোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ৪২৭ দশমিক ২৬ কোটি টাকা। এ কার্যক্রমের মাধ্যমে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট-৬ (এসডিজি-৬) এর লক্ষ্য অর্জনে জাতীয় প্রচেষ্টা আরও বেগবান হবে আশা করা হচ্ছে। একই সভায় ক্ষুদ্র উদ্যোগ খাতের উন্নয়নের জন্য আরও ৫০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে চলতি অর্থবছরে এ খাতে পিকেএসএফের মোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৭৪১ দশমিক ৫৭ কোটি টাকা।

            বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ অর্থের সঙ্গে নিজস্ব তহবিল ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত অর্থ যুক্ত করে সহযোগী সংস্থাগুলো মাঠপর্যায়ে প্রায় ২০ গুণ বেশি অর্থ বিতরণ করতে পারবে। এটি দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

            পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ড. সহিদ আকতার হোসাইন, নূরুন নাহার, ফারজানা চৌধুরী, ড. মো. তৌফিকুল ইসলাম, লীলা রশিদ এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *