এ একুশে পদক আপনাদের: প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক: রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর একুশে পদকে ভূষিত হয়েছে ৯ জন গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে একুশে পদক-২০২৬ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিবছর ভাষা আন্দোলন, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট নাগরিক ও প্রতিষ্ঠানকে রাষ্ট্রের এ দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান করা হয়।

          এ বছর সংগীতে বিশেষ অবদানের জন্য এ মর্যাদাপূর্ণ পদক অর্জন করেছে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। রাজধানীর এ জমকালো আয়োজনে প্রধানমন্ত্রীর কাছ থেকে পদকটি গ্রহণ করেন ওয়ারফেজ এর দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু। এরপর সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়ে তিনি লেখেন, ওয়ারফেজের জন্য এক গর্বিত ও ঐতিহাসিক মুহূর্ত। সংগীতে আমাদের অবদানের স্বীকৃতি একুশে পদক অর্জন করতে পেরে আমরা গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ। এ সম্মান শুধু ব্যান্ডের নয়, এ দীর্ঘ যাত্রায় পাশে থাকা প্রতিটি শ্রোতা, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীর। বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, এ পদক তারা তাদের ভক্তদের উৎসর্গ করছে।

            টিপু তার পোস্টে আরও যুক্ত করেন, ভক্তদের বিশ্বাস সব সময় আমাদের সবচেয়ে বড় শক্তি। এ একুশে পদক আপনাদের।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *