
জাতীয় ডেস্ক: বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এক হাজার ১১ টি মনোনয়ন ফরম বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। গত ৬ নভেম্বর থেকে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন পত্র বিক্রি শুরু করে দলটি। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এখন পর্যন্ত ১ হাজার ১১ টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। চিকিৎসক, শিক্ষক, আলেম সব শ্রেণি-পেশার মানুষ ফরম নিচ্ছে। মানুষের আগ্রহ দেখে মনোনয়ন ফরম বিক্রির সময় বাড়ানো হয়েছে। আমাদের ফরম বিক্রির লক্ষ্যমাত্রা ৩ হাজার।
এদিকে দলটির মনোনয়ন প্রত্যাশীদের আবেদন সংগ্রহের সময়সীমা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী ১৩ নভেম্বর মনোনয়ন সংগ্রহের শেষ সময় ছিলো। এর আগে, গত ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দলটি। দলটির অফিসিয়াল ফেসবুক পেজে সময় বাড়ানোর এ ঘোষণা দেওয়া হয়।
এনসিপি জানায়, নতুন শিডিউল অনুযায়ী, এনসিপির মনোনয়নের জন্য আবেদন করার সর্বশেষ তারিখ আগামী ২০ নভেম্বর।
যেভাবে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেবেন-
১. অনলাইনে আবেদনের পদ্ধতি
যে কেউ nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন।
২. অফলাইনে আবেদনের পদ্ধতি
মনোনয়ন আবেদন ফর্ম অফলাইনে সংগ্রহ করা যাবে দুইভাবে
ক) সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে (২য় তলা)।
খ) এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করে।

