এশিয়ান ট্যুরিজম ফেয়ার: দর্শনার্থীদের ভিড়

পর্যটন ডেস্ক: রাজধানীর ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১২ তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৫ শেষ হলো। মেলার শেষ দিনে ছিল এশিয়ান ট্যুরিজম ফেয়ারে দর্শনার্থীদের ভিড়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শুরু হওয়া এ মেলা শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ইয়াসমিন, ফিলিপাইন ও মালদ্বীপের রাষ্ট্রদূত। মেলা আয়োজনের শুরু থেকে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল। শুক্রবার ছুটির দিনে সে ভিড় আরও বাড়ে।

            পর্যটন বিচিত্রার আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় বাংলাদেশ ছাড়া ফিলিপাইন, মালদ্বীপ ও নেপালের বিভিন্ন পর্যটন সংস্থা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান অংশ নেয়। আইসিসিবি দুটি হলে ১৮০ টির বেশি বুথে এয়ারলাইনস, হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা নানা অফার ও প্যাকেজ প্রদর্শন করে। মেলার টাইটেল স্পন্সর ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাশাপাশি প্রাইম পার্টনার কান্ট্রি ছিল নেপাল এবং পার্টনার কান্ট্রি ফিলিপাইন ও মালদ্বীপ। হসপিটালিটি পার্টনার ছিল ক্রাউন প্লাজা ঢাকা গুলশান।

            মেলায় আগত দর্শনার্থীরা জানিয়েছেন, বিশেষ ছাড় ও আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ তাদের ভ্রমণ পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। তিন দিনব্যাপী এ আয়োজনে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ডেস্টিনেশন প্রেজেন্টেশন, বিটুবি সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ। প্রবেশ কুপনের বিপরীতে অনুষ্ঠিত র‌্যাফেল ড্রতে বিজয়ীরা পেয়েছেন এয়ারলাইনস টিকিট ও গিফট ভাউচার।

            মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের আয়োজন পর্যটন প্রেমীদের নতুনভাবে ভ্রমণে উজ্জীবিত করবে। পাশাপাশি দেশি-বিদেশি পর্যটন গন্তব্যগুলোতে ভ্রমণকারীর সংখ্যা বাড়িয়ে দেশের পর্যটন শিল্পকে আরও গতিশীল করবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *