শিক্ষা ডেস্ক: সারাদেশে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এ বছর গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৩৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। ২০২৩ সালে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে ফল প্রকাশের তথ্য জানানো হয়েছে। এ ফলাফল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার চৌধুরী।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ ফল প্রকাশ করেন। এ সময় ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার উপস্থিত ছিলেন। এইচএসসি ফলাফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা পাবেন। এ বছর সর্বেমোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষা দিয়েছেন। উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন।

১১টি শিক্ষা বোর্ডর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ, রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ, যশোর বোর্ডে পাসের হার ৫০ দশমিক ২০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ৫৭ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ, সিলেট বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ, দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় ৭৫ দশমিক ৬১ শতাংশ। আর কারিগরি শিক্ষা বোর্ডের পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ।

