
জাতীয় ডেস্ক: ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের অভূতপূর্ব ছাত্র-জনতার জাগরণকে কেন্দ্র করে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪ দিন ব্যাপী বিশেষ সাংস্কৃতিক উৎসব জুলাই জাগরণ ২০২৫। আগামী ১লা আগস্ট থেকে ৪ আগস্ট প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসবটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ইতিহাস, প্রতিবাদ, সাংস্কৃতিক চেতনা ও নাগরিক অংশগ্রহণকে একত্রিত করে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠী।
অনুষ্ঠানটি চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, নাটক, আবৃত্তি, সংগীত, শিশু-কিশোরদের পরিবেশনা, আন্দোলন ভিত্তিক স্থিরচিত্র ও ইনফোগ্রাফিক প্রদর্শনী, গণআলোচনা, বক্তৃতা, ফুড স্টল, আর্ট ওয়াল, মুক্ত বইঘর, স্মারক সামগ্রী, সাহিত্য-সাংস্কৃতিক উদ্ভাবনের নানা আয়োজনে সাজানো হয়েছে।
আয়োজকদের থেকে জানা যায়, উৎসবে অংশ নিতে টিকিট বা নিবন্ধনের প্রয়োজন নেই। এটি কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয়, বরং ইতিহাস, প্রতিবাদ, সৌন্দর্য ও স্বপ্নের সম্মিলিত প্রতিচ্ছবি। সমাজ সচেতন নাগরিক, ছাত্র-ছাত্রী, সংস্কৃতি প্রেমী ও নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পূর্ণতা পাবে এ আয়োজন। আরও জানানো হয়েছে, গান, নাটক, শিল্প ও ভাবনার ছন্দে তারা এ সময়কে রাঙিয়ে তুলতে চায়। তাদের প্রত্যাশা গণচেতনা, সাংস্কৃতিক রুচি ও সৃজনশীলতার মেলবন্ধনে জুলাই জাগরণ হয়ে উঠবে একটি সময়ের সাংস্কৃতি।

