
জাতীয় ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নারায়ণগঞ্জবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। গণঅভ্যুত্থানের পর আমরা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের কথা বলেছিলাম সে লড়াই এখনো শেষ হয়নি। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়া মোড়ে এনসিপি দেশ গড়তে জুলাই পদযাত্রা উপলক্ষ্যে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেছেন।
নাহিদ ইসলাম বলেন, এ রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে নির্মম চিত্র নারায়ণগঞ্জ শহর, যেখানে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ও গডফাদারতন্ত্র মিলেমিশে একাকার। একাধিক পরিবার বছরের পর বছর ধরে এ শহরের রাজনীতি, অর্থনীতি ও ব্যবসা কুক্ষিগত করে রেখেছে। এ ব্যবস্থা ভেঙে ফেলতে আমাদের আন্দোলন। নারায়ণগঞ্জের জনগণের ওপর বছরের পর বছর ধরে দখল, চাঁদাবাজি ও সন্ত্রাস চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা সে পুরোনো খেলায় আর অংশ নেব না। গণঅভ্যুত্থানে আমরা রক্ত দিয়েছি। এখন সময় এসেছে খেলার নিয়ম বদলানোর। কিন্তু দুঃখজনকভাবে সে নিয়ম আজও বদলায়নি। এখনো নারায়ণগঞ্জে খেলা চলছে। গতরাতে কলেজ রোডে আমাদের জুলাই পদযাত্রা তোরণে আগুন দেওয়া হয়েছে। এ হামলার উদ্দেশ্য স্পষ্ট মানুষকে ভয় দেখানো, এনসিপি কর্মসূচি বানচাল করা। কিন্তু জনগণ ভয় পায় না, আমরা ভয় পাই না।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের রাজনীতি গণঅভ্যুত্থানের পর নারায়ণগঞ্জে একের পর এক খুন হয়েছে। শহীদ পরিবারগুলোর বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। মামলার বাদীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আওয়ামী লীগের মাফিয়াতন্ত্র এবং ব্যবসায়িক দখলদারিত্ব আবারও পুনর্বাসিত হচ্ছে নারায়ণগঞ্জে। আমাদের নারী কর্মীদের বাসায় পর্যন্ত গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা কখনো হুমকিতে ভয় পাইনি, এবারও পাব না। জনতার নারায়ণগঞ্জ প্রতিষ্ঠা করতে হবে। এ শহর এক সময় ছিল শ্রমিক ও পাটশিল্পের শহর। আজ সে গৌরব নেই। মাফিয়াতন্ত্রের হাতে ব্যবসায়ীরা জিম্মি। ছোট মাঝারি ব্যবসায়ীরা চাঁদাবাজদের কারণে ব্যবসা চালাতে পারছেন না। অথচ মাফিয়া ব্যবসায়ীদের প্রটেকশন দেওয়া হচ্ছে। ইতিহাসে নারায়ণগঞ্জের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বলেন, এ যুদ্ধ সেদিন শেষ হবে, যেদিন পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ভেঙে জনগণের গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ কারও কাছে বর্গা দেওয়া হবে না। এ শহরের মানুষ নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
গত ১ জুলাই নতুন দেশ গড়ার ডাক দিয়ে গাইবান্ধা থেকে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। গাইবান্ধা পৌরপার্কে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এনসিপি দলের জুলাই পদযাত্রা কর্মসূচি মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন ঘোষণা করেন নাহিদ ইসলাম।

