এনসিপি দেশ গড়তে জুলাই পদযাত্রায় মানিকগঞ্জ: মুজিববাদ সংবিধান বাংলাদেশে আর চলবে না: নাহিদ ইসলাম

জাতীয় ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ও দেশ গড়তে জুলাই পদযাত্রায় মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এর আগে, দুপুরে ফরিদপুরে এবং বিকেল রাজবাড়ীর পদযাত্রা শেষে সন্ধ্যার দিকে মানিকগঞ্জের উদ্দেশে রওনা হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত ৯ টার দিকে তারা জেলা শহরের খালপাড় এলাকায় ভাষা শহীদ রফিক চত্বরে পথসভায় যোগ দিয়েছেন। এ পথসভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

            নাহিদ ইসলাম বলেন, মানিকগঞ্জবাসী বিচার সংস্কার আর আমরা বলেছিলাম নতুন সংবিধান লাগবে। হাসিনার সংবিধান, মুজিবরের সংবিধান বাংলাদেশে আর চলবে না। নতুন সংবিধান লাগবে, জনগণের সংবিধান, ইনসাফের সংবিধান ও মানবিক মর্যাদার সংবিধান লাগবে। তিনি বলেন, আমাদের জীবনের কোনো মায়া নেই। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে দেখেছি, আমাদের সামনে জীবন দিয়েছেন আমাদের ভাইয়েরা, আমার বন্ধু গুলি খেয়েছে, আমার ভাইয়েরা, বোনেরা নির্যাতিত হয়েছে। যখন সে শহীদের পরিবারের সামনে গিয়ে দাঁড়াই, তার (শহীদ) বাবা-মায়ের কাছে গিয়ে দাঁড়াই, তখন মনে হয় এ জীবন দেশের জন্য উৎসর্গ করেছি।

            নাহিদ ইসলাম বলেন, আমাদের ভয় দেখাতে চেয়েছিল, গোপালগঞ্জে। তারা জানে না, তাদের এ আক্রমণ আমাদের আরও দ্বিগুণভাবে শক্তিশালী করেছে। এর প্রমাণ আমরা ফরিদপুরে দিয়েছি, রাজবাড়িতে দিয়েছি আর এখন রাতেরবেলা মানিকগঞ্জে দিচ্ছি। আপনারা স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে জুলাই আন্দোলনের রাজপথে ছিলেন।এ মানিকগঞ্জ গত বছরের ৪ আগস্টই আওয়ামী লীগ থেকে মুক্ত হয়েছিল। আর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১৩ ডিসেম্বর পাক হানাদার থেকে মুক্ত হয়েছিল। তিনি বলেন, রাজধানীর পাশের জেলা মানিকগঞ্জ একধাপ এগিয়ে থাকে আন্দোলন সংগ্রামের দিক থেকে কিন্তু উন্নয়নের দিক থেকে যেন দুই ধাপ পিছিয়ে থাকে। আমরা সে দিকগুলোর পরিবর্তন করতে চাই। আমরা জানি মানিকগঞ্জবাসীর বহু দাবি রয়েছে, ভোটের দাবি রয়েছে, রাস্তা ঘাট উন্নয়নের দাবি রয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি পাঁচ মাসের রাজনৈতিক দল, আপনাদের সব দাবি পূরণ করে দেব। বুড়ো রাজনীতিবিদদের মতো, প্রথাগত রাজনৈতিক দলের মতো মিথ্যা প্রতিশ্রুতি এখানে দিয়ে যাব না। আমরা শুধু বলতে এসেছি, আমরা জানি মানিকগঞ্জবাসী, দেশের মানুষের সমস্যাগুলো কী। সে সমস্যাগুলো আমরা চিহ্নিত করছি।

            এদিকে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে নাশকতা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ, সাদা পোশাকে পুলিশ মাঠে কাজ করছে। এ ছাড়া শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে।

            এ উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, ডা. তাজনুভা জাবীন, দক্ষিণ অঞ্চলের সংগঠক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিল, কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলার নের্তবৃন্দরা।

            গত ১ জুলাই নতুন দেশ গড়ার ডাক দিয়ে গাইবান্ধা থেকে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। গাইবান্ধা পৌরপার্কে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এনসিপি দলের জুলাই পদযাত্রা কর্মসূচি মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন ঘোষণা করেন নাহিদ ইসলাম।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *