গোপালগঞ্জে পদযাত্রা পথসভা ঘিরে সংঘর্ষ: কারফিউ জারি, প্রতিবাদে ঢাকায় এনসিপি দলের মশাল মিছিল

 

জাতীয় ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি পদযাত্রা পথসভা শেষে ফেরার পথে পুলিশ সেনাবাহিনী ও স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২২ ঘণ্টার জন্য কারফিউ জারি করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এ বার্তায় বলা হয়, বুধবার রাত ৮টা থেকে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

            জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন সময়ে জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

            অন্যদিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি পদযাত্রায় হামলার প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। রাতে মশাল মিছিলটি বাংলামোটর মোড় থেকে শুরু হয়ে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে গিয়ে শেষ হয়।

            গত ১ জুলাই নতুন দেশ গড়ার ডাক দিয়ে গাইবান্ধা থেকে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। গাইবান্ধা পৌরপার্কে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এনসিপি দলের জুলাই পদযাত্রা কর্মসূচি মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন ঘোষণা করেন নাহিদ ইসলাম।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *