
জাতীয় ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি পদযাত্রা পথসভা শেষে ফেরার পথে পুলিশ সেনাবাহিনী ও স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ সাংবাদিক আরও ১২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৬ জুলাই) জেলা শহরে সংঘর্ষ চলাকালে হতাহতের এ ঘটনা ঘটেছে। নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জ্বীবিতেশ বিশ্বাস।
এ কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ সদরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। কাছাকাছি সময়ে হামলা করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরে। এ দুই ঘটনায় স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত তা জানায় গোপালগঞ্জ পুলিশ। দুপুর ১ টা ৩৫ মনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপি দলের পথসভা মঞ্চে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করেন এবং উপস্থিত এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এনসিপি নেতাকর্মীরা পুলিশের সহায়তায় সেখান থেকে সরে যান। এ ঘটনার আধা ঘণ্টা পরে এ স্থলে পুলিশি নিরপত্তায় পথসভা করে এনসিপি। সেখানে নাহিদ ইসলাম, সারজিস আলম ও আখতার হোসেন কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষ হওয়ার পর এনসিপির নেতারা যখন গাড়ি বহর নিয়ে মাদারীপুর রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন আবার ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ পিছু হটে। এনসিপি নেতাকর্মীরা পালিয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নেন। হামলাকারীরা এনসিপি সমাবেশ মঞ্চ এবং আশপাশের বিভিন্ন স্থানে চেয়ার টেবিল ও আসবাবপত্রে অঅগুন ধরিয়ে দেন।
এরপর থেকে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে হামলাকারীদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে যোগ দেয় বিজিবি। সেনাবাহিনীর পক্ষ থেকে বাড়তি জনবল নিয়োজিত করা হয়। বিকেলের দিকে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের খবর পাওয়া যায়। এরপর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ একযোগে হামলাকারীদের সরাতে অভিযান শুরু করে।
গত ১ জুলাই নতুন দেশ গড়ার ডাক দিয়ে গাইবান্ধা থেকে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। গাইবান্ধা পৌরপার্কে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এনসিপি দলের জুলাই পদযাত্রা কর্মসূচি মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন ঘোষণা করেন নাহিদ ইসলাম।

