এনসিপি দেশ গড়তে জুলাই পদযাত্রায় বরগুনা: ভারত, পাকিস্তান পন্থি কোনো রাজনীতি হবে না-নাহিদ ইসলাম

জাতীয় ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির-এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে ভারত কিংবা পাকিস্তান পন্থি কোনো রাজনীতি হবে না। আমরা বাংলাদেশ পন্থি রাজনীতি করব। তিনি আরও বলেন, একটা দল ইতিহাসের এককালে পাকিস্তান পন্থিদের পুনর্বাসিত করেছিল বাংলাদেশে। গণঅভ্যুত্থানের পর তারা আবার মুজিববাদকে পুনর্বাসিত করছে। বাংলাদেশে কোনো মুজিববাদের ও চাঁদাবাজদের রাজনীতি হবে না। সোমবার (১৪ জুলাই) বিকেলে সাড়ে ৫ টার দিকে বরগুনা প্রেসক্লাব সংলগ্ন সদর রোড এলাকায় দেশ গড়তে জুলাই পদযাত্রা আয়োজিত এক পথসভায় নাহিদ ইসলাম এ সব কথা বলেছেন।

            নাহিদ ইসলাম বলেন, আমরা সে তরুণ, যারা জুলাই আন্দোলনে অংশ নিয়ে শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করেছিলাম। বিগত ১৬ বছর দেশে একটা ফ্যাসিস্ট সরকার ছিল। সে সরকার দুর্নীতি মাফিয়াতন্ত্র, গুম, মানবাধিকার হরণ এমন কোনো অপকর্ম নাই যা তারা করেন নাই। সে অপকর্ম থেকে বাংলাদেশকে মুক্তি দিতে স্বৈরাচারকে মুক্তি দিতে দেশের ছাত্র-তরুণরা রাজপথে নেমে এসেছিল। জুলাই অভ্যুত্থানের পরে চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা আবার চেপে বসেছে বাংলাদেশের ঘাড়ে। আমরা বলেছিলাম চাঁদাবাজ এবং মাফিয়াবাজ যে সিস্টেমে টিকিয়ে রাখে সে সিস্টেমের আমরা পতন চাই। কিন্তু দেখছি, সে সিস্টেমকে আবার টিকিয়ে রাখছে এবং চাঁদাবাজ ও দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল। তিনি আরও বলেন, গণহত্যার বিচার এবং নতুন বাংলাদেশের জন্য আমরা সংস্কার চাই। সংস্কার ছাড়া আমরা নতুন বাংলাদেশ কখনো পাবো না। আমরা নিরপেক্ষতা চাই, নির্বাচন কমিশনে নিরপেক্ষ নিয়োগ চাই। আমরা চাই প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রিত থাকবে। আমরা কোনো স্বৈরতন্ত্র বাংলাদেশে আর ফেরত আসতে দেবো না। নতুন করে কাউকে আর স্বৈরাচার হতে দেবো না।

            নাহিদ ইসলাম বরগুনাবাসীর উদ্দেশে বলেন, বরগুনার ছেলে সোহাগকে ঢাকায় পাথর মের নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ সরকারের আইনশৃঙ্খলার ব্যর্থতা এবং একটি রাজনৈতিক দলের চাঁদাবাজদের সমর্থন দেওয়ার ফলে আপনাদের সন্তানকে পাথর মেরে হত্যা করা হয়েছে। এখানকার মানুষদেরকে অনেক লড়াই সংগ্রাম করে টিকে থাকতে হয়। দুর্যোগ, নদী ভাঙন সবকিছুকে উপেক্ষা করে বরগুনার মানুষ প্রতিনিয়ত লড়াই করে যায়। উন্নয়নের মুলা ঝুলালে বরগুনায় উন্নয়ন আসে না। আমরা জানি, এখানে জলবায়ু দুর্যোগ রয়েছে। বরগুনায় লবণাক্ত পানি কৃষি জমির ক্ষতি করছে। সুপেও পানির অভাব তৈরি করছে। তিনি বলেন, বঙ্গোপসাগর হচ্ছে আমাদের ভবিষ্যৎ এবং সম্ভাবনার জায়গা। বরগুনাকে আমাদের শক্তিশালী ঘাটি তৈরি করতে হবে। জাতীয় নাগরিক পার্টি বরগুনার প্রতি কমিটমেন্ট রাখছে, বরগুনার প্রতিটি নদী আমাদের রক্তধারা বরগুনার জেলে মজুররা আমাদের পরম আত্মীয়। আমরা বরগুনায় পরিবেশ বান্ধব উন্নয়ন নিয়ে কাজ করতে চাই। আমরা চাই বরগুনার নদীর সমুদ্র রক্ষা হবে উপকূল সুরক্ষা হবে এবং মানুষের স্বাস্থ্য ও শিক্ষার সমস্যা দূর হবে।

            এ পদযাত্রার পথসভায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনীম জারা, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয়, জেলা, উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

            গত ১ জুলাই নতুন দেশ গড়ার ডাক দিয়ে গাইবান্ধা থেকে আনুষ্ঠানিকভাবে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গাইবান্ধা পৌরপার্কে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এনসিপি দলের জুলাই পদযাত্রা কর্মসূচি মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন ঘোষণা করেন নাহিদ ইসলাম।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *