বান্দরবানে টানা বৃষ্টিপাত: বন্যা ও পাহাড় ধসের শঙ্কা

স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে টানা দুই দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। এখনো অব্যাহত আছে বৃষ্টিপাত। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত থেকে শুক্রবার (৩০ মে) বেলা ১১টা পর্যন্ত জেলায় ভারি বৃষ্টিপাত হয়েছে। থেমে থেমে দমকা ঝড়ো হাওয়ার সাথে ভারি বর্ষণের ফলে বন্যা আতঙ্কে রয়েছে জেলাবাসী। এছাড়া অপরিবর্তিত আবহাওয়া ও টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ের পাদদেশে বসবাসকারী জনসাধারণের চোখে ঘুম নেই। গতকাল রাতের ভারি বর্ষণে অনেকেই নির্ঘুম রাত কাটিয়েছেন। এ সময় জেলার পৌর এলাকার বনরূপা, হাফেজঘোনা, মেম্বার পাড়াসহ বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়ে সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

            এদিকে টানা বৃষ্টিতে বান্দরবান-রুমা সড়কের মুরুং বাজার, খুমী পাড়া এলাকায় পাহাড়ের মাটি ধসে রাস্তার ওপর পড়ায় জেলা সদরের সাথে রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া বৃষ্টিপাতের কারণে বেশ কয়েকটি জায়গায় পাহাড়ের মাটি ধসে যানবাহন চলাচলের বাধা সৃষ্টি হয়েছে।

            জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, টানা ভারি বৃষ্টিপাতের কারণে উদ্ভুত পরিস্থিতি সামাল দেওয়ার সকল প্রস্তুতি নেওয়া আছে। ইতোমধ্যে উপজেলার সকল নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলার পাহাড় ও অধ্যুষিত ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী জনসাধারণকে ঝুঁকি না নিয়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হচ্ছে। এ জন্য জেলা ও উপজেলায় মোট ২২০ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

            এদিকে জেলা প্রশাসনের পক্ষ হতে জেলার সকল উপজেলায় অস্থায়ী ২২০ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে বান্দরবান সদরে ৪৬ টি, রুমা উপজেলায় ২৮ টি, রোয়াংছড়ি উপজেলায় ১৯ টি, থানচিতে ১৫ টি, লামায় ৫৫ টি, আলীকদমে ১৫ টি, এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৪২ টি মোট ২২০ টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

Related Posts