
জাতীয় ডেস্ক: গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৪ মে) রাত ১০ টার পর এনসিপি রাজধানীর বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল করেছে। সেখান থেকে এটি টিএসসির দিকে রওনা হয়। বিক্ষোভ মিছিলে এনসিপি নেতাকর্মীরা অংশ নিয়েছে। বিক্ষোভকারীরা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ২৪ ঘণ্টার মধ্যে বিচারের দাবি জানান।
এ সময় বিক্ষোভকারীদের ‘হাসনাত, হাসনাত, ইনকিলাব জিন্দাবাদ, স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়া দলটির নেতারা ‘’আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে, অ্যাকশন টু অ্যাকশন, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, হাসনাতের রক্ত বৃথা যেতে দেব না, জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, সন্ত্রাসীদের বিরুদ্ধে, অ্যাকশন টু অ্যাকশন ইত্যাদি স্লোগান দেন।
অপরদিকে গাজীপুরে এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আটক হল, গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহসেদ দিপু। তাদের আটক করা বিষয়ে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রবিউল হাসান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসান বলেন, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। চালকের ভাষ্য অনুযায়ী, পেছন থেকে মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে গাড়িতে হামলা চালায় এবং এতে গাড়ির কাচ ভেঙে যায়। তিনি বলেন, ঘটনার পরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং অভিযানের নির্দেশ দেন। সে অনুযায়ী তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছি। হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় তিনি এনসিপি দলের সাংগঠনিক কাজে গাজীপুরে অবস্থান করছিলেন।

