
মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবান সেনা জোনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে মোট ২০০ জন অসহায় পরিবারের হাতে এ মানবিক সহায়তা দেওয়া হয়েছে। এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান পিএসসি।
প্রধান অতিথি জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে কিন্তু সমাজের কিছু মানুষ অভাব অনটনের কারণে সে আনন্দ থেকে বঞ্চিত হয়। আমরা চাই আমাদের এ সামান্য সহায়তার মাধ্যমে তাদের মুখে হাসি ফুটুক। ১৩২ জনসহ পূর্বের ৬৮ জন, মোট ২০০ জনের মাঝে আমরা ঈদ উপহার তুলে দিতে পেরেছি। যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। ভবিষ্যতে আমরা বান্দরবানের গরীব ও অসহায় মানুষের জন্য বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখব।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মিঞা মোহাম্মদ মেহেদী হাসান। অনুষ্ঠানে সঞ্চালনা লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধা।

