
জাতীয় ডেস্ক: সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির-এনসিপি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে নাহিদ লেখেন, গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তীতালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায় হামলা ও অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। বারবার মাহফুজ আলমের ওপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলম টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকে টার্গেট হব। আমরা জানি আমাদের জন্য কী অপেক্ষা করে আছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি। তিনি আরও লেখেন, মাহফুজ আলমের ওপর হামলার মৌনসম্মতি যারা তৈরি করছে তারা ভুগবে। ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে। মাহফুজ আলম অভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে। কিন্তু বাংলাদেশ সে পথে হাঁটেনি। আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদ বিরোধীতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করছে বিভিন্ন গ্রুপ যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে। সময় প্রমাণ করবে মাহফুজ আলম সঠিক ছিল যদি ততদিন উনি বেঁচে থাকার সুযোগ পান।
এনসিপির আহ্বায়ক আরো লেখেন, মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় কোনোবার অন্তর্বর্তীকালীন সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয়নি। কোনো শক্ত বার্তা দেয়নি। কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্য কখনো করেনি। সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌনসম্মতি তৈরি করা হয়েছে। এ সরকার ও উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আমরা এগুলো মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।

