পাকিস্তান বাংলাদেশ বাণিজ্য: দুদেশের বাণিজ্যে ছাড়াল ১০০ কোটি মার্কিন ডলার

বিশেষ খবর ডেস্ক: পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলার বা ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এছাড়া উভয় দেশ আরও বেশ কিছু পণ্যের বাণিজ্যে আগ্রহী এ কারণে বাণিজ্যের পরিমাণ ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হুসাইন খান রাজধানী ইসলামাবাদে দেশটির সংবাদমাধ্যম দ্য নিউজ জং এর সাথে কথা বলার সময় একথা জানান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

            দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হুসাইন খান দেশটির পাঞ্জাব প্রদেশের কাসুর ও ফয়সালাবাদ সফর করেন এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে দেখা করেন। সেখানে তিনি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য আরও ত্বরান্বিত করার বিষয়ে তাদের সঙ্গে বিস্তর আলোচনা করেন। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের এ হাইকমিশনার পাঞ্জাবের এ দুই শহরে তার সফরকে ফলপ্রসূ ও লাভজনক বলে অভিহিত করেন। ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ইকবাল হুসাইন গত মাসে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন এবং হাসিনা পরবর্তী সময়ে তিনি পাকিস্তানে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত।

            হাইকমিশনার ইকবাল হুসাইন খান বলেন, বাংলাদেশে পাকিস্তানের অনেক পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে এবং পাকিস্তান বাংলাদেশের অনেক পণ্যের জন্য একটি লাভজনক বাজার। তিনি বলেন, এটা সন্তোষজনক যে পনেরো বছরের বেশি সময় পর দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। পাকিস্তানের তুলা, চিনি, চাল, পোশাক, বিশেষ করে লেডিস ড্রেস, ফল বিশেষ করে আমের প্রচুর চাহিদা বাংলাদেশে রয়েছে। অন্যদিকে বাংলাদেশ আনারস, পাট, ওষুধ, পোশাক পাকিস্তানে রপ্তানি করতে পারে। দুই দেশের মধ্যে সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধির সীমা হলো আকাশ। ইতোমধ্যে পাকিস্তান তার ন্যাশনাল ক্যারিয়ারের মাধ্যমে বাংলাদেশে ২৬ হাজার মেট্রিক টন চালের প্রথম চালান রপ্তানি করেছে। ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মাধ্যমে মোট ৫০ হাজার মেট্রিক টন চাল রপ্তানি করা হবে। বাকি ২৪ হাজার মেট্রিক টন চাল রপ্তানি হবে আগামী মাসে।

            ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। হাসিনার পতন ও দেশ ছেড়ে ভারতে পলায়নের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উষ্ণতা এবং বাণিজ্যিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি উভয় দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সফর ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বছর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দু’বার সাক্ষাৎ করেন। সেখানে উভয় নেতাই দুই দেশের মধ্যে সর্বাত্মক সম্পর্ক জোরদার করার সিদ্ধান্ত নেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *