বান্দরবানে রুমায় কেএনএফ আস্তানায় অভিযানে সেনাবাহিনী: উদ্ধার করে এসএমজি, বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ

স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়ার পাহাড়ি এলাকায় সশস্ত্র সংগঠন কুকিচীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এর আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। এ ঘটনায় বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

            জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অপারেশন দল মুনলাই পাড়া এলাকায় কেএনএফ বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। তাদের অবস্থানের উপর অভিযান পরিচালনা করলে সন্ত্রাসীরা তাদের অস্ত্র সরঞ্জাম ফেলে পালিয়ে যায়। এ সময় উক্ত এলাকা তল্লাশি করে ১ টি এসএমজি (ম্যাগাজিনসহ), ২ টি গাঁদা বন্দুক (১৫৯ রাউন্ড কার্তুজ ও ১ টি কার্তুজ ভর্তি বেল্ট), ১ টি বাইনোকুলার, ২ টি ওয়াকিটকি সেট, ৩ জোড়া কেএনএফ ইউনিফর্ম, ১ জোড়া বুট, ১ টি হ্যান্ডকাফ, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরিতে ব্যবহৃত স্প্লিন্টার ও ৫ টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।

            ২০২০ সাল থেকে পার্বত্য জেলার বম জনগোষ্ঠীর কিছু বিপথগামী যুবক কেএনএফ সশস্ত্র সংগঠন গড়ে তোলেন। কেএনএফ সশস্ত্র কার্যক্রম বেড়ে যাওয়ায় নির্মূলে ২০২২ সালের অক্টোবর মাস থেকে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে। গত ২ ও ৩ এপ্রিল জেলার রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতি, পুলিশ আনসারের ১৪টি অস্ত্র লুট, ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ ও অর্থ লুটের ঘটনায় রুমা থানায় ১৪ টি, থানচি থানায় ৪ টি, রোয়াংছড়ি থানায় ৩ টি ও সদর থানায় ১টি মোট ২২ টি মামলা করা হয়। যৌথবাহিনীর অভিযানে কেএনএফ  ১২০ জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *