মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আমেরিকার দেশ মেক্সিকো ইতিহাসে প্রথম বারের মতো নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছে। সদ্য সমাপ্ত নির্বাচনে নিরঙ্কুশ জয়ে প্রথম নারী হিসেবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লডিয়া শিনবাউম। অক্টোবরের শুরুতে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তিনি। সোমবার (৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

            বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিক জয়ে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লডিয়া শিনবাউম। মেক্সিকোর সরকারি নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক ফলাফলে দেখা গেছে মেক্সিকো সিটির ৬১ বছর বয়সী সাবেক এ মেয়র নির্বাচনে ৫৮ শতাংশ থেকে ৬০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। শিনবাউম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গালভেজের চেয়ে ৩০ শতাংশ ভোট বেশি পেয়েছেন। অক্টোবর বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের স্থলাভিষিক্ত হবেন তিনি। নির্বাচনে ক্লডিয়ার নারী প্রতিদ্বন্দ্বী গালভেজ ছাড়া আরেক পুরুষ প্রতিদ্বন্দ্বী ছিলেন জর্জ আলভারেজ মায়েনেজ। ভোটে তৃতীয় হয়েছেন তিনি।

            এদিকে শিনবাউম বর্তমান সরকারের বিভিন্ন নীতির ধারাবাহিকতার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি লোপেজ ওব্রাডোরের তৈরি ‘অগ্রগতির’ ওপর ভিত্তি করে দেশকে এগিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাবেন। তার সমর্থকরা মেক্সিকো সিটির প্রধান চত্বরে জোকালোতে জয় উদযাপন করছে। সেখানে তাদের ‘ক্লডিয়া শিনবাউম, প্রেসিডেন্ট’ লেখা ব্যানার হাতে রাখতে দেখা যায়।

            ক্লডিয়া শিনবাউম একজন সাবেক জ্বালানি বিজ্ঞানী। তিনি ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির মেয়র দায়িত্ব পালন করেছেন। তিনি বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের ক্ষমতাসীন দলের প্রার্থী নির্বাচনে লড়াইয়ে অংশ নেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *