
মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানের আলীকদমে অষ্টম শ্রেণির এক মাদরাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (১৯ মার্চ) সকালে ধর্ষণের শিকার ছাত্রী বাদী হয়ে ৪ জন আসামির নাম উল্লেখ করে আলীকদম থানায় মামলা দায়ের করেছে। মামলা পর বান্দরবান পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার নির্দেশনায় আলীকদম থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান চালিয়ে বিকালে আসামীদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন, মংচা পাড়ার বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে মো. করিম (১৯), নূর হোসেনের ছেলে মো. রাসেল (২১), লুদু মাঝির ছেলে আব্দুল মুবিন (২০), আবুল ফায়েজের ছেলে মো. ইকবাল (২৪)। তারা সকলে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়র্ডের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আলীকদমের নয়াপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মংচা পাড়ার নিকটবর্তী মাতামুহুরী নদীতে ছাত্রীটি গোসল করে বাড়িতে যাওয়ার সময় অভিযুক্তরা মুখ চেপে ধরে তামাক ক্ষেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে একেরপর এক ধর্ষণ করে। ধর্ষণের পর এ ছাত্রী তামাক ক্ষেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। এমন কি তারা মোবাইলে ভিডিও ধারণ করে রাখে। পরে জ্ঞান ফিরলে বাড়িতে গিয়ে পিতা-মাতাকে ঘটনার বিষয়ে জানায়। এ ঘটনার পর ছাত্রীকে মামলা না দিতে ভয়ভীতি দেখায় অভিযুক্তরা।
আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন বলেন, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

