বান্দরবানে বন বিভাগের মানববন্ধন: বনবিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল হত্যার প্রতিবাদ

মো: তুহিন হোসাইন, স্টাফ রিপোর্টার, বান্দরবান: বান্দরবানে বন বিভাগের মানববন্ধন করে বনবিট কর্মকর্তা হত্যার প্রতিবাদ। এ মানববন্ধনে কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় বন রক্ষায় অভিযান চালাতে গিয়ে মাটি পাচারকারীদের ডাম্পারের (মিনি ট্রাক) চাপায় খুন হওয়া বনবিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজলের হত্যার প্রতিবাদে ও দ্রুত সময়ে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়। সোমবার (০১ এপ্রিল) বিকেলে বান্দরবান প্রেসক্লাবের সামনে বান্দরবান বন বিভাগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বান্দরবানের বিভিন্ন রেঞ্জের বন কর্মকর্তা ও বনরক্ষীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন এবং বনবিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজলের হত্যার তীব্র প্রতিবাদ জানান।

            মানববন্ধনে বক্তারা বলেন, হরিণমারা পাহাড় কেটে ডাম্পারে ভরে বালু পাচারের সংবাদ পেয়ে সাজ্জাদুজ্জামান দায়িত্ব পালনের জন্য ঘটনাস্থলে গেলে বালু পাচারকারীরা ডাম্পার দিয়ে মোটরসাইকেল আরোহী সাজ্জাদ ও আলীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যায় বনবিট কর্মকর্তা মো: সাজ্জাদুজ্জামান সজল। বক্তারা আরো বলেন, এ ঘটনার পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে ওই ডাম্পারটি আটক করেছে জনতা তবে চালক ও সহকারী এখনো পলাতক রয়েছে। আর তাদের দ্রুত সময়ে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান মানববন্ধনে উপস্থিত বন কর্মকর্তারা।

             এ সময় বান্দরবান বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ হাওলাদার, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা অভিজিত কুমার বড়ুয়া, কেচলং রেঞ্জ কর্মকর্তা জুয়েল চৌধুরী, রুমা রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম ও আখতারুজ্জামা ও বান্দরবান বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

            গত শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত ৩ টার দিকে কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় বন রক্ষায় অভিযান চালাতে গিয়ে বালু পাচারকারীদের ডাম্পারের চাপায় নির্মমভাবে খুন হয় সাজ্জাদুজ্জামান সজল। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিটে কর্মরত ছিলেন বিট কর্মকর্তা ফরেস্টার সাজ্জাদুজ্জামান সজল।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *